নেপালে মৃতের সংখ্যা ছুঁতে পারে ১০ হাজার! ভয়াবহ আশঙ্কা অর্থমন্ত্রীর
ভোটেকোশী ও ত্রিশূলী নদীর অববাহিকায় এখনও উদ্ধারকাজ চলছে।
Truth of Bengal: নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজারের কাছাকাছি পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগেল। তিন দিনের ভারত সফরে এসে দিল্লিতে RIS-এর একটি অনুষ্ঠানে তিনি জানান, বিপর্যয়ের ব্যাপ্তি সীমিত এলাকায় হলেও প্রাণহানি অত্যন্ত ভয়াবহ। শনিবার পর্যন্ত সরকারি হিসাবে ১,৪১১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৫,৮৭৫ জন এখনও নিখোঁজ।
ভোটেকোশী ও ত্রিশূলী নদীর অববাহিকায় এখনও উদ্ধারকাজ চলছে। কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছেন উদ্ধারকারীরা। মৃত ও নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক, তীর্থযাত্রী এবং ব্যবসায়ীরাও রয়েছেন।
বন্যায় নেপালের বিদ্যুৎ পরিকাঠামোতেও বড় ধাক্কা লেগেছে। ত্রিশূলী অববাহিকায় প্রায় ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৩টি জলবিদ্যুৎ প্রকল্প প্রভাবিত হয়েছে। বিদ্যুতের ঘাটতি সামলাতে ভারত ১৩ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১৮ ঘণ্টা করে সর্বোচ্চ ৬৫৪ মেগাওয়াট বিদ্যুৎ নেপালে রফতানির অনুমতি দিয়েছে।
ভারতের ত্রাণ ও বিদ্যুৎ সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ওয়াগেল। তাঁর ভারত সফরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ, জ্বালানি ও পরিকাঠামো সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।






