তুষারধসে ভেস্তে গেল বিশ্বজয়ের স্বপ্ন! মানাসলু-তে প্রাণ হারালেন কৃষ্ণনগরের পর্বতারোহী
মানাসলুর চূড়ায় ওঠার মুখেই বিপর্যয়! ৭ ফুট বরফ খুঁড়ে উদ্ধার কৃষ্ণনগরের ধ্রুবজ্যোতি গুহের নিথর দেহ
মাধব দেবনাথ, নদিয়া: বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয়ের স্বপ্ন নিয়ে নেপালে পাড়ি দিয়েছিলেন কৃষ্ণনগরের পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহ। সেই স্বপ্নপূরণের আগেই তুষারধসের কবলে পড়ে মৃত্যু হল তাঁর। নেপালের মানাসলু পর্বতের ক্যাম্প-৩-এ তুষারধসে চাপা পড়ে ধ্রুবজ্যোতি গুহের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে থাকা শেরপা গাইড ফুরসেম্বা শেরপারও মৃত্যু হয়েছে।
নেপালের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার মধ্যে মানাসলুর উচ্চ শিবিরগুলিতে থাকা পর্বতারোহীদের একটি বড় অংশ নিচের দিকে ফিরে আসছিলেন। সেই সময় ধ্রুবজ্যোতি এবং ফুরসেম্বা ক্যাম্প-৩-এর দিকে এগিয়ে যান। তাঁরা একটি তাঁবুর ভিতরে ছিলেন। পরে তুষারধসে তাঁবুটি বরফের নিচে চাপা পড়ে যায়। দু’জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তাঁদের খোঁজে উদ্ধারকারী দল ক্যাম্প-৩-এ পৌঁছয়। সেখানে প্রায় সাত ফুট তাজা বরফের নিচে চাপা পড়া তাঁবুর ভিতর থেকে তাঁদের দেহের সন্ধান মেলে। ধ্রুবজ্যোতি গুহের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পর্বতারোহণের নেশায় মানাসলুর মতো বিশ্বের অন্যতম দুর্গম শৃঙ্গ অভিযানে গিয়েছিলেন তিনি। কিন্তু শৃঙ্গের চূড়ায় পৌঁছনোর আগেই ভয়াবহ তুষারধস তাঁর প্রাণ কেড়ে নিল। ৮,১৬৩ মিটার উচ্চতার মানাসলু বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত। চলতি মরশুমে শৃঙ্গটিতে পরপর দুর্ঘটনা ঘটেছে। এর আগে মানাসলুতে এক সিঙ্গাপুরের পর্বতারোহীর মৃত্যু এবং বেস ক্যাম্পে এক স্থানীয় পোর্টারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। ক্যাম্প-৩-এর উপরের অংশেও তুষারধসের জেরে শৃঙ্গের পথে দড়ি পাতার কাজ ব্যাহত হয়েছিল।
অভিযান পরিচালনাকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ধ্রুবজ্যোতি গুহ এবং ফুরসেম্বা শেরপা শেষ পর্যন্ত ক্যাম্প-৩-এ পৌঁছেছিলেন। তাঁদের উদ্ধারের পর দেহগুলি বেস ক্যাম্পে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর। একদিকে মানাসলুর চূড়ায় ওঠার জন্য আবহাওয়ার সুযোগ কাজে লাগাতে পর্বতারোহীদের মধ্যে তৎপরতা চলছিল, অন্যদিকে আচমকা তুষারধসের ঘটনায় প্রাণ গেল দু’জনের। অভিযানের সেই উত্তেজনার মধ্যেই কৃষ্ণনগরের ঘরে নেমে এল শোকের ছায়া।






