Iran Attack: উত্তাল মধ্যপ্রাচ্য, তেল আভিভে পাল্টা হামলা , একের পর এক মিসাইল ছুঁড়ল ইজরায়েল
একটানা ৬৫ মিনিটে ইরান ছুঁড়ে দেয় অন্তত ২০০টি মিসাইল।
Truth of Bengal: আশঙ্কাই সত্যি হল। ইজরায়েলের রাজধানী তেল আভিভে শনিবার ভোরে আছড়ে পড়ল ইরানের ব্যালিস্টিক মিসাইল (Iran Attack)। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। কালো ধোঁয়া ছেয়ে যায় আকাশে। বিস্ফোরণের শব্দ পৌঁছে যায় জেরুজালেম অবধি। রাতের আকাশে ছুটে চলতে দেখা যায় আগুনের গোলা। একটানা ৬৫ মিনিটে ইরান ছুঁড়ে দেয় অন্তত ২০০টি মিসাইল। আর তাতে তেল আভিভে প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিন জন সেইসঙ্গে জখম হয়েছেন বেশ কয়েকজন। এই নিয়ে ইজরায়েলের তরফে মেলেনি প্রতিক্রিয়া। বলা বাহুল্য, শুক্রবার ইজরায়েল ‘অপারেশন রাইজিং সান’ নামে ইরানের উপর ব্যাপক হামলা চালানোর পর থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। শনিবার ইরান সেই আশঙ্কাকেই বাস্তব করে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে চালায় পালটা হামলা।
আরও পড়ুন: Aiden Markram: ‘এটাই আমার জীবনের সেরা সেঞ্চুরি’ : মার্করাম
এই প্রসঙ্গে তেহরানের দাবি, তাদের মূল লক্ষ্য ছিল ইজরায়েলের সেনাঘাঁটি। পাশাপাশি ইজরায়েলও পালটা আঘাত হানে। সেই হামলায় কমপক্ষে ৭৮ জন ইরানি নাগরিক ও সামরিক আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আহতের সংখ্যা ৩২০ ছাড়িয়েছে। ইজরায়েলের পালটা হামলায় মৃত্যু হয়েছে একাধিক উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তার (Iran Attack)। নিহতদের মধ্যে রয়েছেন—ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ড প্রধান, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ছয়জন পারমাণবিক বিজ্ঞানী।এছাড়াও বহু ইরানি সেনাকর্মী ও প্রশাসনিক আধিকারিক প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর।
Truth of Bengal: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এই পরিস্থিতিতে ইরান ও ইরাক (Iran Attack) দুই দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে আকাশপথে যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। একাধিক আন্তর্জাতিক উড়ান সংস্থা শনিবার থেকে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে এহেন পালটা-পালটি হামলায় যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ইজরায়েল ও ইরান—উভয়ের আগ্রাসী অবস্থানের জেরে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক ও শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে বলে মত বিশেষজ্ঞদের।






