কলকাতা

মৃত সরকারি কর্মীদের বকেয়া ডিএ-ডিআর আবেদনে আরও ৯০ দিন সময়, স্বস্তি উত্তরাধিকারীদের

রাজ্যের অর্থ দফতরের পেনশন শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ও মহার্ঘ ত্রাণ (ডিআর) পেতে এবার আরও সময় পেলেন মৃত সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের নমিনি এবং আইনগত উত্তরাধিকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে বহু আবেদন জমা না পড়ায় আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১৮ নভেম্বর ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দফতরের পেনশন শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে যাঁরা আগের সময়সীমার মধ্যে আবেদন করতে পারেননি, তাঁদের সামনে ফের সুযোগ তৈরি হল। এর আগে ২৩ মার্চ ২০২৬ তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে যোগ্য নমিনি ও আইনগত উত্তরাধিকারীদের ১৮০ দিনের মধ্যে আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় নথিপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথা বলা হয়। কিন্তু প্রশাসনিক পর্যালোচনায় দেখা যায়, বহু পরিবার নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি। নথি সংগ্রহ, আইনি উত্তরাধিকার সংক্রান্ত প্রমাণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে দেরি হওয়ায় আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

এই পরিস্থিতিতে আবেদনকারীদের অসুবিধার কথা বিবেচনা করে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদনের পর আরও ৯০ দিন সময় দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে বকেয়া পাওয়ার অপেক্ষায় থাকা বহু পরিবার নতুন করে আবেদন করার সুযোগ পাবে। এই বকেয়া পাওয়ার আওতায় রয়েছে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ। কোনও মৃত সরকারি কর্মচারীর প্রাপ্য ডিএ এবং মৃত পেনশনভোগীর প্রাপ্য ডিআর সংশ্লিষ্ট যোগ্য নমিনি বা আইনগত উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে অবশ্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে ডিএ ও ডিআরের জন্য। মৃত সরকারি কর্মচারীর বকেয়া ডিএ পাওয়ার আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরের প্রধান বা হেড অফ অফিসের কাছে। অন্যদিকে, মৃত পেনশনভোগীর বকেয়া ডিআর পাওয়ার জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট পেনশন ডিসবার্সিং অথরিটি (পিডিএ)-র কাছে। অর্থ দফতরের তরফে সংশ্লিষ্ট দফতর ও পেনশন প্রদানকারী কর্তৃপক্ষকে বর্ধিত সময়ের মধ্যে জমা পড়া বৈধ আবেদন গ্রহণ এবং নিয়ম মেনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সময়সীমা বাড়ানো হলেও আবেদন প্রক্রিয়ার অন্যান্য শর্তে কোনও পরিবর্তন করা হয়নি। ২৩ মার্চ ২০২৬-এর ৭৫-এফ(পেন) নম্বর মেমোতে যে নিয়ম ও নির্দেশিকা উল্লেখ ছিল, সেগুলিই বহাল থাকছে। অর্থাৎ আবেদনকারীদের আগের মতোই প্রয়োজনীয় নথি, উত্তরাধিকার সংক্রান্ত তথ্য এবং সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে হবে। প্রশাসনিক জটিলতা কিংবা নথিপত্র সংগ্রহের বিলম্বের কারণে যাতে প্রাপ্য অর্থ থেকে কোনও পরিবার বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নতুন করে ৯০ দিন সময় পাওয়ায় যাঁদের আবেদন এখনও অসম্পূর্ণ, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সুযোগ তৈরি হল।

Related Articles