রাজ্যের খবর

‘ব্রেক দ্য রুল’ মন্ত্রে সাফল্যের বার্তা মোদির, বিকশিত ভারত গড়ার দায়িত্ব আইআইটি পড়ুয়াদের

প্রধানমন্ত্রীর মতে, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন

Truth of Bengal: চিন্তাভাবনার প্রচলিত গণ্ডি ভেঙে নতুন পথে হাঁটলেই সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব। আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে পড়ুয়াদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ভাবন ও নতুন চিন্তার গুরুত্ব বোঝাতে তাঁর পরামর্শ, ‘ব্রেক দ্য রুল’। প্রধানমন্ত্রীর মতে, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। আগামী দুই দশক তাঁদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের সামনে কোনও বড় চ্যালেঞ্জ এলে তার সমাধানের পথও বের করতে হবে তরুণ প্রজন্মকে। সেই লক্ষ্যেই পড়ুয়াদের ‘নেশন ফার্স্ট’ মন্ত্রে উদ্বুদ্ধ করেন তিনি।

পালাবদলের পর ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডায় অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরের উদ্দেশে রওনা দেন তিনি। প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষেই প্রধানমন্ত্রীর এই সফর। আবহাওয়া প্রতিকূল থাকায় যাত্রাপথে কিছুটা পরিবর্তন করতে হলেও নির্ধারিত সময়েই খড়গপুরে পৌঁছে যান মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আইআইটি খড়গপুরে পৌঁছে প্রথমে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যতের পথচলা নিয়েও দিকনির্দেশ করেন তিনি। এরপর ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন মোদি। প্রতিষ্ঠানের ৭৫ বছরের গৌরবময় যাত্রা এবং আগামী দিনের সম্ভাবনাকে সামনে রেখেই পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তা, আত্মবিশ্বাস ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Related Articles