চিনে যাচ্ছেন ট্রাম্প, সেখানেই কি দেখা হবে কিমের সঙ্গে? বাড়ছে আন্তর্জাতিক জল্পনা
বৃহস্পতিবার চিন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
Truth of Bengal: ট্রাম্পের সঙ্গে বৈঠকের জল্পনার মাঝেই স্কি রিসর্টে ধূমপান করতে দেখা গেল উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে। মঙ্গলবার প্রকাশ্যে আসা একটি ছবিতে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহেই কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, ট্রাম্পের সঙ্গে দেখা করতে কি চিন সফরে যাচ্ছেন কিম?
বৃহস্পতিবার চিন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রথম প্রেসিডেন্ট মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, কিম জং উনের সঙ্গে দেখা হলে ভালোই হবে। তবে এই বৈঠক আদৌ হবে কি না, তা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপর নির্ভর করছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে কিমের চিন সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা। শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশন বা APEC সম্মেলনে যোগ দিতে গিয়ে কি ট্রাম্পের মুখোমুখি হবেন উত্তর কোরিয়ার শাসক? যদিও ওয়াকিবহাল মহলের মতে, দুই জায়গার মধ্যে আড়াই হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব থাকায় এই সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ।
তার উপর উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে, এমন কোনও বৈঠকের প্রস্তুতি চলছে না। ফলে ট্রাম্প-কিম সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হলেও আপাতত চিনের মাটিতে দুই রাষ্ট্রনেতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কার্যত অনিশ্চিত।






