ডিসেম্বরেই কি বাংলাদেশে ফিরবেন হাসিনা? প্রত্যর্পণ নিয়ে বড় বার্তা ঢাকার
ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ঘোষণা করেছেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন তিনি।
Truth of Bengal: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করেছে ঢাকা। আইন মেনেই ভারত থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করা হবে বলে জানালেন সে দেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। শনিবার প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে এই দাবি। আইনমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশের তরফে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষ। এখন ভারত কী সিদ্ধান্ত নেয়, তা সম্পূর্ণ নয়াদিল্লির বিষয়।
উল্লেখ্য, ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ঘোষণা করেছেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন তিনি। এদিকে বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই পরিস্থিতিতে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশকে দু’টি শর্ত দিয়েছে ভারত। প্রথমত, বাংলাদেশের সেনার বিমানেই তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, দেশে ফিরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে।
হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ১৯৭৩ সালের আইনের উল্লেখ করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন, ওই আইনের ৪৭(৩) অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকার সংক্রান্ত বিধান রয়েছে। তাঁর দাবি, এই আইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের আমলেই তৈরি হয়েছিল।
অন্যদিকে, বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে আসা ভারতের শর্ত নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল কোনও মন্তব্য করতে চাননি। এরই মধ্যে গত ৯ নভেম্বর বাংলাদেশের কাছে পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা। সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, তাঁর এক আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে গিয়ে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম সরকারি ভাবে নিজের দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করলেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরেই শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতকে কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ পাঠিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতেও এই বিষয়ে তাগাদা দেওয়া হয়। এবার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানাল ঢাকা। ফলে ডিসেম্বরেই হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে জল্পনা আরও বাড়ল।






