আন্তর্জাতিক

সন্ত্রাসে মদত বন্ধ হলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা, বার্তা রাহুল গান্ধীর  

বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল।

Truth of Bengal: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি কি আদৌ সম্ভব? দুই দেশের মধ্যে কি ফের আলোচনার দরজা খুলতে পারে? এবার এই প্রশ্নেরই জবাব দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট বক্তব্য, পাকিস্তান যদি ভারতের মাটিতে সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং সন্ত্রাসবাদীদের উৎসাহিত করা বন্ধ করে, তবেই আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। নিরীহ মানুষের প্রাণহানি চলতে থাকলে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় বসা ভারতের পক্ষে সম্ভব নয়। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন কংগ্রেস নেতা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল। সেই সময় নিজেকে পাকিস্তানের নাগরিক হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন, দুই প্রতিবেশী দেশ কি পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে নিজেদের স্বার্থে একসঙ্গে কাজ করতে পারে না? বাইরের শক্তিগুলি যাতে দুই দেশের বিভেদকে কাজে লাগাতে না পারে, সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর উত্তরে রাহুল জানান, দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু তার আগে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে। তাঁর কথায়, নিরীহ ভারতীয়দের হত্যা করা হবে, আবার একইসঙ্গে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলবে, এমনটা মেনে নেওয়া সম্ভব নয়। সন্ত্রাসবাদে মদত বন্ধ হলেই আলোচনার পথ খুলতে পারে।

এদিন শুধু পাকিস্তান নয়, কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তাঁর দাবি, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত ছিল, তা এখন দেখা যাচ্ছে না। ভারত ক্রমশ বিশ্বমঞ্চে পার্শ্বচরিত্র হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ তুলে রাহুল বলেন, পাকিস্তান যখন দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে, তখন ভারত কার্যত দর্শকের ভূমিকায় রয়েছে। ভারতের মতো বড় দেশের আন্তর্জাতিক আলোচনায় আরও সক্রিয় থাকা উচিত।

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জোটনিরপেক্ষ আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রাহুলের মতে, স্বাধীনতার পর থেকেই ভারতের নিজস্ব বিদেশনীতি ও আন্তর্জাতিক অবস্থান ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়েও কটাক্ষ করেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত বন্ধুত্বের উপর নির্ভর করতে পারে না। দেশের স্বার্থ, অর্থনীতি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি বুঝেই বিদেশনীতি পরিচালনা করা উচিত। রাহুলের এই মন্তব্যের পাল্টা কংগ্রেস নেতাকে পাকিস্তানের পক্ষের প্রচারক বলে আক্রমণ করেছে বিজেপি। ফলে বিদেশের মাটিতে রাহুলের এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Related Articles