আন্তর্জাতিক

শেখ হাসিনার মৃত্যুদণ্ড! বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে রায় ঘোষণা

সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে কোনও ধরনের প্রতিবাদ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Truth Of Bengal: জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হল সোমবার। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড। প্রথম অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দিলেও পরবর্তী অভিযোগের ভিত্তিতে তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি মামলার অন্য দুই অভিযুক্ত হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর প্রাক্তন আইজিপি-কে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে কোনও ধরনের প্রতিবাদ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে পলাতক, দুজনই ভারতে রয়েছেন। স্বাভাবিকভাবে এই রায় ঘোষণার পর পরিস্থিতি কেমন থাকবে তা এখন দেখার।

এই মামলার শেখ হাসিনা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলি হল-

  1. উস্কানিমূলক বক্তব্য প্রদান
  2. আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া
  3. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিতে মৃত্যুর ঘটনা
  4. রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীর গুলিতে মৃত্যুর অভিযোগ
  5. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ।

মামলার শুনানিতে শেখ হাসিনাকে ঢাকায় হাজির হওয়ার নোটিশ পাঠানো হলেও তিনি তাতে সাড়া দেননি। এই প্রেক্ষিতে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সম্ভবত তাঁর মায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিতে পারে।

২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং দেশ ছাড়েন। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। জয় জানিয়েছেন, ভারত সরকার তাঁকে নিরাপত্তা দিচ্ছে এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদায় আচরণ করা হচ্ছে।

সজীব ওয়াজেদ আরও বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে দলীয় কর্মীরা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারেন। এ কারণে প্রতিবাদ পরিস্থিতি সহিংসতার দিকে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন। ৭৮ বছর বয়সী শেখ হাসিনা নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে মন্তব্য করেছেন।

২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সরকারবিরোধী ছাত্র আন্দোলনে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, সেই সময় বহু মানুষ নিহত ও আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যান। স্বাধীনতার পর এটিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর রাজনৈতিক অস্থিরতা হিসেবে দেখা হচ্ছে।

Related Articles