১৪ শাক না খেলে ভূত ঘাড় মটকাবে? ভূত চতুর্দশীর এই প্রথার পিছনে লুকিয়ে কোন রহস্য!
এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?
Truth of Bengal: কালীপুজোর আগের দিন বাড়িতে বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি তো জানেন! কিন্তু কখনও ভেবে দেখেছেন, সেই দিনই কেন হরেক রকম শাক দিয়ে সাজানো হয় বাঙালির থালা? ১৪ শাক না খেলে কি সত্যিই ভূত এসে ঘাড় মটকাবে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? মা-ঠাকুমাদের মুখে শোনা এই প্রাচীন প্রথার সঙ্গে জড়িয়ে রয়েছে লোকবিশ্বাস, শাস্ত্রীয় রীতি আর শরীর সুস্থ রাখার এক অভিনব ভাবনা!
ভূত চতুর্দশী মানেই ভূতেদের মর্ত্যে আগমনের দিন—এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে বাংলার ঘরে ঘরে। লোককথা বলে, এই দিন নাকি দলবল নিয়ে মর্ত্যে ঘুরতে বেরোয় ভূতেরা! আর তাদের হাত থেকে বাঁচতেই বাড়িতে বাড়িতে জ্বালানো হয় ১৪টি প্রদীপ। কিন্তু শুধু প্রদীপ জ্বালিয়েই কি ভূতেদের বিদায় করা যায়? বাঙালির প্রাচীন রীতি বলছে, ভূত চতুর্দশীর দিন পাতে চাই ১৪ রকম শাকও!
কালীপুজোর আগের দিন মা-ঠাকুমাদের ব্যস্ততা তাই একটু অন্যরকম। বাজার থেকে হরেক রকম শাক জোগাড় করা, সেগুলি বেছে পরিষ্কার করা, তারপর রান্না করে পরিবারের সকলকে খাওয়ানো—সব মিলিয়ে একেবারে বিশেষ আয়োজন। অনেক বাড়িতে এই দিন অন্য কোনও পদ রান্না না হলেও ১৪ শাকের পদ থাকবেই!
কিন্তু প্রশ্ন হল, ভূত চতুর্দশীর সঙ্গে ১৪ শাকের সম্পর্ক কী?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভূত চতুর্দশীর দিন বাড়িতে ১৪ শাক রান্না করে খাওয়ার প্রথা বহু যুগ ধরে চলে আসছে। তবে এর পিছনে শুধু ভূত তাড়ানোর গল্পই নেই। বরং রয়েছে ঋতু পরিবর্তনের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার এক প্রাচীন ভাবনা।
আসলে ভূত চতুর্দশী পড়ে হেমন্তের শুরুতে। এই সময় আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। গরম থেকে ঠান্ডায় প্রবেশের এই সন্ধিক্ষণে শরীর সুস্থ রাখতে বিভিন্ন শাক খাওয়ার রীতি প্রচলিত হয়েছে বলে মনে করা হয়। অর্থাৎ, ভূত তাড়ানোর লোকবিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকতে পারে শরীরের যত্ন নেওয়ার প্রাচীন প্রথাও!
জানেন, কোন ১৪ শাক খাওয়া হয় ভূত চতুর্দশীতে?
ভূত চতুর্দশীর ১৪ শাকের তালিকায় রয়েছে—
-
পলতা
-
সর্ষে শাক
-
নিম পাতা
-
শুশনি শাক
-
জয়ন্তী শাক
-
ওল শাক
-
ঘেঁটু বা ভাট
-
কেঁউ শাক
-
বেতো শাক
-
শেলুকা
-
হিঞ্চে শাক
-
গুলঞ্চ শাক
-
শাঞ্চে শাক
-
কালকাসুন্দে
এই শাকগুলির মধ্যে অনেকগুলিই গ্রামবাংলার মাঠে-ঘাটে, পুকুরপাড়ে কিংবা বাড়ির আশপাশে পাওয়া যায়। তাই একসময় ভূত চতুর্দশীর আগে এই শাক সংগ্রহ করাও ছিল পরিবারের বিশেষ কাজ।
১৪ শাক, ১৪ প্রদীপ—ভূত তাড়ানোর আয়োজন, নাকি শরীর বাঁচানোর প্রাচীন কৌশল?
ভূত চতুর্দশীর ১৪ প্রদীপ নিয়ে যেমন নানা লোকবিশ্বাস রয়েছে, তেমনই ১৪ শাক খাওয়ার প্রথার মধ্যেও মিশে রয়েছে বাঙালির সংস্কৃতি ও ঋতুভিত্তিক খাদ্যাভ্যাস। ভূত আসুক বা না আসুক, এই দিন শাকের পাতে বাঙালির ঐতিহ্য কিন্তু ঠিকই হাজির!




