আন্তর্জাতিক

এভারেস্টের কাছে ভয়াবহ হেলিকপ্টার সংঘর্ষ! মৃত্যু ভারতীয় পর্যটকের

মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় অবতরণের চেষ্টা করছিল ‘এয়ার ডায়নাস্টি’ ও ‘ফিশটেল এয়ার’-এর দু’টি হেলিকপ্টার।

Truth of Bengal: নেপালে এভারেস্টের বেসক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয় পর্যটকের। আহত হয়েছেন আরও এক জন। নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত পর্যটকের নাম বসন্তকুমার বলরামরামাদু।

মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় অবতরণের চেষ্টা করছিল ‘এয়ার ডায়নাস্টি’ ও ‘ফিশটেল এয়ার’-এর দু’টি হেলিকপ্টার। সেই সময়ই সংঘর্ষ হয় দু’টির মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ‘ফিশটেল এয়ার’-এর কপ্টারে থাকা ভারতীয় পর্যটকের। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নেপাল পুলিশ।

সংঘর্ষের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে বরফে ঢাকা পাহাড়ের কোলে অবতরণের সময় দুই কপ্টারের সংঘর্ষের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি।

ফেরিচে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৩৭১ মিটার উচ্চতায় অবস্থিত। কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে এই এলাকা এভারেস্ট বেসক্যাম্পের কাছাকাছি। পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত, উদ্ধারকাজ এবং জরুরি পরিবহণে এই অঞ্চলে হেলিকপ্টার ব্যবহৃত হয়। তবে দুর্গম পাহাড়ি এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে কপ্টার চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

Related Articles