রাজ্যের খবর

চা বাগান শ্রমিকদের জন্য দীপাবলির ধামাকা! বাড়ছে রেশনের চাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি দ্রুত খোলার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী

Truth of Bengal: পুজোর পর এবার দীপাবলিতেও চা বাগানের শ্রমিকদের জন্য উপহারের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে চা শ্রমিকদের জন্য একাধিক সুবিধার কথা জানালেন তিনি। রেশনে চালের পরিমাণ ৩৫ কেজি থেকে বাড়িয়ে ৫০ কেজি করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাশাপাশি শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে ৫০০০ টাকা। একই সঙ্গে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি দ্রুত খোলার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন ও বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই চা শ্রমিকদের জন্য বাড়তি রেশনের চাল দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এখন ৩৫ কেজি চাল দেওয়া হয়। এবার থেকে যাতে ৫০ কেজি চাল দেওয়া যায়, সে বিষয়ে সরকার ভাবনাচিন্তা করছে। পরিকল্পনা চূড়ান্ত হলে রেশন সুবিধাভোগীরা বাড়তি চাল পাবেন।

তবে শুধু রেশন নয়, বন্ধ চা বাগান খোলার বিষয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বহু চা বাগান এখনও বন্ধ থাকায় শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। সেই প্রসঙ্গে শ্রমমন্ত্রী অর্জুন সিংকে উদ্দেশ করে শুভেন্দু বলেন, “আপনাকেই বন্ধ সমস্ত চা বাগান খুলতে হবে, সব মুখ্যমন্ত্রী করলে হবে না।” শ্রমিকদের উদ্দেশে তাঁর বার্তা, “জব কার্ড প্রস্তুত রাখুন, দ্রুত কাজ শুরু হবে।” প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় সকলকে আনার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গের সামসিং-সহ কয়েকটি চা বাগান ইতিমধ্যেই খুলেছে। বাকি বন্ধ বাগানগুলিও দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার কাজও তাড়াতাড়ি শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের চা বাগানগুলির বন্ধ হয়ে যাওয়া দীর্ঘদিনের সমস্যা। বহু বাগান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। তাঁদের জন্য আগের সরকার বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী কার্ড এবং চা সুন্দরী প্রকল্পের মতো বিভিন্ন সুবিধার ব্যবস্থা করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চা বাগানের দুরবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজ্যে পালাবদলের পর বন্ধ চা বাগান খোলা এবং শ্রমিকদের কর্মসংস্থানের সমস্যা সমাধানের দিকে নজর দিচ্ছে নতুন সরকার। মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর চা শ্রমিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে প্রতিশ্রুত সুবিধা কবে বাস্তবে মিলবে, আর বন্ধ বাগানগুলি কবে খুলবে—এখন সেই দিকেই তাকিয়ে শ্রমিক মহল।

Related Articles