কলকাতা

ED: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জালে দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিং

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার, মন্ত্রীর জামাই রাহুল সিংকে তলব করে ইডি।

Truth of Bengal: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে এলেন দমকলমন্ত্রী সুজিত বসুর পরিবারের সদস্যরা। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার, মন্ত্রীর জামাই রাহুল সিংকে তলব করে ইডি।

জানা গেছে, ইডি-র আধিকারিকরা সোমবার সকাল এগারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র সদর দফতরে হাজির হন রাহুল সিং। পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে ইডি যেসব নথি সংগ্রহ করেছিল, তারই ভিত্তিতে রাহুল সিং-সহ আরও কয়েকজনকে তলব করা হয়েছে। ইডি দফতর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিং জানান, তিনি ইডি আধিকারিকদের কাছে বেশ কিছু নথি ও ছবি জমা দিয়েছেন।

সূত্র মারফত জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত টাকা মন্ত্রীর পরিবারের ব্যবসায় খাটানো হয়েছিল বলে ইডি বেশ কিছু তথ্য হাতে পেয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই মন্ত্রীর জামাইকে জিজ্ঞাসাবাদ করা হয়।

শুধুমাত্র জামাই নন, সূত্রের খবর অনুযায়ী, এই একই কারণে চলতি সপ্তাহেই ইডি দফতরে তলব করা হয়েছে মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যাকেও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীর পরিবারের সদস্যদের আগেই নোটিস পাঠিয়েছিল ইডি। এই সপ্তাহে তাঁদের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে আসতে হবে বলে জানা গেছে।

Related Articles