কলকাতা

১৮৫ বছরের ঐতিহ্যে বদল! এবার কো-এড-এর পথে শিয়ালদহের লরেটো ডে স্কুল

স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে দীর্ঘ সমীক্ষা।

Truth of Bengal: কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ইংরেজি মাধ্যম স্কুল লরেটো ডে স্কুলে এবার বড় পরিবর্তন। ১৮৫ বছরের পুরনো মেয়েদের স্কুল এবার সহশিক্ষার পথে হাঁটছে। ২০২৮ শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ছাত্রদেরও ভর্তির সুযোগ দেওয়া হবে।

স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে দীর্ঘ সমীক্ষা। লরেটো এডুকেশনের ডিরেক্টর নন্দিনী ভট্টাচার্য জানিয়েছেন, স্কুলের অধ্যক্ষ সিস্টার বৈশাখী মণ্ডল গত এক বছর ধরে অভিভাবক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। আধুনিক সময়ের চাহিদা এবং লিঙ্গসাম্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের মতে, ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের মধ্যেও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হবে। আগামী এক বছরে পরিকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। ছেলেদের জন্য পৃথক শৌচাগার তৈরি-সহ সহশিক্ষার উপযোগী ব্যবস্থা গড়ে তোলা হবে।

এর আগে ২০২৪ সালে ১৯৪ বছরের ঐতিহ্য ভেঙে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলেও মেয়েদের ভর্তি শুরু হয়েছিল। এবার সেই পথে হাঁটল লরেটো ডে স্কুল। ১৮৫ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত কলকাতার শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।