রাস্তা দখল করলে জেলের ভাত! পুজোর পর খড়গপুরে ‘অ্যাকশন’ দিলীপের, পুরসভার ব্যর্থতা নিয়েও তোপ
দিলীপ ঘোষের কথায়, “খড়গপুরের বহু রাস্তা কবজা করে ব্যবসা চলছে
Truth of Bengal: রাস্তা দখল করে ব্যবসা চালানোর দিন শেষ! পুজোর পরই খড়গপুরের দখল হয়ে যাওয়া রাস্তাগুলি মুক্ত করার কাজ শুরু হবে। আর সেই কাজে বাধা দিতে এলে জেলের ভাত খাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। একইসঙ্গে শহরের বেহাল পরিষেবা ও অপরিচ্ছন্নতা নিয়ে সরাসরি আক্রমণ শানালেন বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে। সোমবার সকালে খড়গপুরের ২৩ নম্বর ওয়ার্ডের বামুনপাড়ায় একটি চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই শহরের রাস্তা দখলমুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর অভিযোগ, খড়গপুরের বহু রাস্তা দখল করে ব্যবসা চালানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। পুজোর পর থেকেই রাস্তা দখলমুক্ত করার জন্য ভাঙাভাঙির কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী।
দিলীপ ঘোষের কথায়, “খড়গপুরের বহু রাস্তা কবজা করে ব্যবসা চলছে। এসব আর চলবে না। খড়গপুরের রাস্তা দখলমুক্ত করব। পুজোর পর থেকেই ভাঙাভাঙি শুরু হবে। ভুল করে কেউ রাস্তায় নামবেন না। তা হলে বাড়ির ভাত খেতে দেব না। জেলের ভাত খেতে হবে। মানুষের অসুবিধা করে ধান্দা করে ব্যবসা করে রাজনীতি চলবে না।” এই কাজে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি। রাস্তা দখল করে ব্যবসা করার ফলে শহরের নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ মন্ত্রীর। শুধু রাস্তা দখল নয়, খড়গপুর শহরের সামগ্রিক পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। রবিবার রাতে গোলবাজার রামমন্দির অডিটোরিয়ামে খড়গপুর দশেরা উৎসব কমিটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে শহরের উন্নয়ন নিয়ে পুরবোর্ডের ভূমিকার সমালোচনা করেন তিনি।
দিলীপের অভিযোগ, শহরকে পরিচ্ছন্ন ও স্বচ্ছ করে গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান পুরবোর্ড ব্যর্থ। রাস্তাঘাটের বেহাল দশা এবং শহরের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “খড়গপুরকে সবচেয়ে পরিচ্ছন্ন ও স্বচ্ছ শহর বানাতে হবে। এখন সব থেকে অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। খড়গপুর একটি অপরিচ্ছন্ন ও নোংরা শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাট ভাঙাচোরা। দেখে আমার নিজেরই খারাপ লাগে।” শহরের পরিবেশ বদলাতে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি পুরসভার পরিষেবা উন্নত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।






