দেশ

Pregnant Rescue: অ্যাম্বুল্যান্স আটকে কাদায়, ওড়িশায় গর্ভবতীকে বাঁচালেন গ্রামবাসী

গর্ভবতী এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হতেই তাঁকে বাঁশ, কাপড় ও একটি চেয়ার দিয়ে তৈরি অস্থায়ী খাটিয়ায় বসিয়ে প্রায় ১০ কিমি হেঁটে হাসপাতালে পৌঁছে দিলেন স্থানীয়রা

Truth of Bengal: ফের সামনে এল বিজেপি শাসিত রাজ্যে বেহাল অবস্থা।  টানা বর্ষণে বিপর্যস্ত ওড়িশার বহু এলাকা। জলমগ্ন রাস্তাঘাট এরজেরে সাধারণ মানুষের যাতায়াত করা হয়ে উঠেছে দুঃসাধ্য। এমনই দুর্বিষহ পরিস্থিতিতে মানবিকতার এক নজির গড়লেন মলকানগিরি জেলার ভোজগুড়া গ্রামের গ্রামবাসীরা। গর্ভবতী এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হতেই তাঁকে বাঁশ, কাপড় ও একটি চেয়ার দিয়ে তৈরি অস্থায়ী খাটিয়ায় বসিয়ে প্রায় ১০ কিমি হেঁটে হাসপাতালে পৌঁছে দিলেন স্থানীয়রা (Pregnant Rescue)।

আরও পড়ুন: Nabanna: নবান্নে আসছেন ওমর আবদুল্লা! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসবেন বৈঠকে

জানা গিয়েছে, ভোজগুড়া গ্রামের বাসিন্দা সুনাই ভোজ প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন। পরিবারের সদস্যরা খবর দেন খাইরাপুট কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে থেকে একটি অ্যাম্বুল্যান্স রওনা দেয়, কিন্তু মাঝপথে টুসাইপাড়া গ্রামের কাছে কাদা জমে আটকে যায় গাড়িটি। অ্যাম্বুল্যান্স চালক জানান, ‘ ভারি বৃষ্টিতে অনেক জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। গাড়ি চালানোর মতো অবস্থায় নেই।‘  এ অবস্থায় হতাশ না হয়ে সুনাইয়ের পাশে দাঁড়ান গ্রামের মানুষজন। তৎক্ষণাৎ তাঁরা বাঁশ ও কাপড় দিয়ে তৈরি করেন একটি খাটিয়ার মতো কাঠামো। মাঝখানে বসানো হয় একটি শক্তপোক্ত চেয়ার। সুনাইকে সেই অস্থায়ী খাটিয়ায় বসিয়ে শুরু হয় তাঁদের দুরূহ যাত্রা। প্রবল বৃষ্টিতে কাদামাখা রাস্তা, ভাঙা সেতু, ঢালু জমি—সব পেরিয়ে প্রায় ১০ কিমি হাঁটেন তাঁরা। অবশেষে গন্তব্যে পৌঁছন। সেখান থেকে সুনাইকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Pregnant Rescue)।

Truth of Bengal: https://www.facebook.com/share/193NB43TzC/

চিকিৎসকেরা জানিয়েছেন, ওইদিন সন্ধ্যা ৬টা নাগাদ সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন সুনাই ভোজ। মা ও সন্তান দু’জনেই এখন সুস্থ রয়েছেন। এদিকে এই ঘটনা ওড়িশার নাগরিক পরিষেবার বেহাল অবস্থাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। তবে এই নিয়ে শাসক শিবিরের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া (Pregnant Rescue)।

Related Articles