দেশ

প্রশ্নফাঁসের আন্দোলন থেকে যাঁর উত্থান, ২৯ বছর পরে সেই অভিযোগেই পড়ুয়াদের রোষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র

প্রশ্ন ফাঁস আন্দোলনের নেতা থেকে 'অভিযুক্ত'! নিয়তির কী অদ্ভুত পরিহাসে শিক্ষামন্ত্রী

Truth of Bengal: বর্তমানে দেশজুড়ে সবচেয়ে চর্চিত ও উত্তপ্ত নামটি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও একাধিক সর্বভারতীয় পরীক্ষার চরম গাফিলতির প্রতিবাদে তাঁর পদত্যাগের দাবিতে দিল্লিতে রাজপথে নেমেছেন লক্ষাধিক পড়ুয়া। বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন থেকে শুরু করে বিরোধীদের সরব ভূমিকা, সব মিলিয়ে এখন একটাই আওয়াজ, ‘শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই’। তবে রাজনীতির চরম ইতিহাস ও নিয়তির পরিহাস হল, যে প্রশ্ন ফাঁসের কাণ্ড আজ তাঁর আসন টালমাটাল করছে, সেই প্রশ্ন ফাঁস আন্দোলনের পথ ধরেই একদিন উত্থান হয়েছিল ধর্মেন্দ্র প্রধানের!

ঘটনাটি ১৯৯৭ সালের। ওড়িশায় তখন কংগ্রেসের সরকার। সে সময় আচমকাই রাজ্য নিয়ন্ত্রিত একটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেলে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রসমাজ। সেই আন্দোলনের মূল দায়িত্বে ছিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP), আর নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন উঠতি ছাত্র নেতা ১৮ বছরের ধর্মেন্দ্র প্রধান। উৎকল বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের ছাত্র ধর্মেন্দ্র তখন এবিভিপির কেন্দ্রীয় সম্পাদক।

আরও পড়ুন দু’দিন ধরে বিশাল দর কষাকষি! কেন্দ্রের কোন আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন সোনম?

DHARMENDRA PRADHAN - Jewels of Odisha

তৎকালীন মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পটনায়কের বাসভবনের সামনে প্রায় দেড় হাজার পড়ুয়াকে নিয়ে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব বিক্ষোভ। ধর্মেন্দ্রর সেই সময়ের সহযোদ্ধা প্রশান্ত রাউত স্মৃতিচারণ করে জানান, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ নির্মম লাঠিচার্জ শুরু করে। ধর্মেন্দ্রকে এতটাই মারধর করা হয়েছিল যে তাঁর বেশ কয়েকটি হাড় ভেঙে যায়।” সেই আন্দোলনই ওড়িশার রাজনীতিতে ধর্মেন্দ্রর জায়গা পাকা করে দেয় এবং ওড়িশায় বিজেপির ভিত্তি শক্ত করতে যা বড় ভূমিকা নিয়েছিল।

আরও পড়ুন NEET কেলেঙ্কারির জেরে প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রীর

धर्मेंद्र प्रधान - विकिपीडिया

আজ ২৯ বছর পর ক্যালেন্ডারের পাতা ঘুরেছে, বদলে গেছে ভূমিকাও। যে ছাত্রনেতা একদিন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়েছিলেন, আজ ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে তিনিই নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের কেন্দ্রবিন্দুতে। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির হাত ধরে গড়ে ওঠা এই লড়াই আজ রাজধানী ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। অখিলেশ যাদব থেকে রাহুল গান্ধী, রাজনৈতিক দলগুলিও এখন এতে শামিল। তবে ওড়িশার সেই আঞ্চলিক বিক্ষোভের চেয়ে আজকের নিট আন্দোলন অনেক বেশি বিস্তৃত ও বেদনাদায়ক, কারণ এবার জড়িয়ে রয়েছে একাধিক মেধাবী পরীক্ষার্থীর আত্মহত্যার করুণ ঘটনা। যে প্রশ্ন ফাঁস একদিন তাঁকে রাজনীতির প্রথম সারিতে বসিয়েছিল, আজ সেই একই বিতর্কে তাঁর গদি থাকবে তো? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

Education Minister Dharmendra Pradhan Reveals Plans to Revamp CABE for  Modern Education Demands

Related Articles