দেশ

চলন্ত গাড়িতে আইটি ম্যানেজারকে ‘গণধর্ষণ’! উদয়পুর গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ পুলিশের হাতে

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার রাতে একটি জন্মদিনের পার্টি শেষে রাত দেড়টা নাগাদ সহকর্মীরা মিলে ফিরছিলেন।

Truth Of Bengal: রাজস্থানের উদয়পুর শহরে এক তথ্যপ্রযুক্তি (IT) সংস্থার নারী ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণের নারকীয় ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্যপ্রমাণ হাতে এসেছে পুলিশের। গত ২০ ডিসেম্বর রাতের এই নৃশংস ঘটনায় ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন সংশ্লিষ্ট সংস্থার সিইও (CEO) জিতেশ প্রকাশ সিসোদিয়া, নারী ডিরেক্টর শিল্পা সিরোহি এবং তাঁর স্বামী গৌরব সিরোহি।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার রাতে একটি জন্মদিনের পার্টি শেষে রাত দেড়টা নাগাদ সহকর্মীরা মিলে ফিরছিলেন। সেই সময় নির্যাতিতা তরুণীকে নিজেদের গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান সংস্থার নারী ডিরেক্টর ও সিইও। তরুণীর অভিযোগ, গাড়ির ভেতর তাঁকে বিশেষ এক ধরণের সিগারেট বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল, যার পরেই তিনি জ্ঞান হারান। অচৈতন্য অবস্থায় চলন্ত গাড়ির পিছনের আসনে তাঁকে পাশবিক নির্যাতন চালানো হয়। সেই সময় গাড়িটি চালাচ্ছিলেন ডিরেক্টরের স্বামী গৌরব।

মেডিক্যাল রিপোর্টে নির্যাতিতার শরীরে ও যৌনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের কাছে দেওয়া বয়ানে তরুণী এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, পরদিন সকালে যখন তাঁর জ্ঞান ফেরে, তখন তিনি লক্ষ্য করেন তাঁর পরনের অন্তর্বাস, মোজা এমনকি বেশ কিছু অলঙ্কারও উধাও। এই পাশবিক ঘটনার পরদিনই তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, অচৈতন্য অবস্থার সুযোগ নিয়েই এই ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের হাতেই এমন নৃশংস নিগ্রহের ঘটনা নারী সুরক্ষা নিয়ে নতুন করে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Related Articles