২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে না ভোটার তালিকা সংশোধন, আপাতত স্থগিত ভোটার তালিকার বিশেষ সংশোধন
আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
জ্যোতির্ময় দত্ত , কলকাতা : ভোটার তালিকা সংশোধনের নতুন কর্মসূচি ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হল পশ্চিমবঙ্গে। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসএসআর) প্রক্রিয়া। কিন্তু আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্থগিতাদেশের কারণ হিসাবে ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করা হলেও, ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করা হয়নি।
নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৩ নভেম্বর থেকে বার্ষিক বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। এই কর্মসূচির আওতায় ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, তথ্যগত ভুল সংশোধন, ঠিকানা পরিবর্তন এবং মৃত বা অন্যত্র স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো কাজ হওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কর্মসূচি স্থগিত হওয়ায় পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া?
ভোটার তালিকার বিশেষ সংশোধন মূলত তালিকার নির্ভুলতা বজায় রাখার একটি নিয়মিত প্রক্রিয়া। নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে তালিকায় থাকা ভুল তথ্য সংশোধন, একাধিক জায়গায় নাম থাকা কিংবা মৃত ভোটারের নাম চিহ্নিত করে বাদ দেওয়ার কাজ এই প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। কমিশন আগেই জানিয়েছিল, কোনও বুথে মোট ভোটারের ২ শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে তা বিশেষভাবে যাচাই করা হবে। একই ব্যক্তি পাঁচটির বেশি আপত্তি জানালে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখতে হবে।
পাশাপাশি, একই পরিবারের সদস্যদের ভোটার তালিকায় একসঙ্গে রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছিল কমিশনের নির্দেশিকায়। ভোটারদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছিল। ফলে সাধারণ ভোটারদের কাছে এই সংশোধন প্রক্রিয়া ছিল নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই ও সংশোধনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
এসআইআর বিতর্কের মধ্যেই নতুন করে অনিশ্চয়তা
সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক চলছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা, বিভিন্ন অভিযোগ এবং সংশোধন সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকায় বিষয়টি ইতিমধ্যেই যথেষ্ট সংবেদনশীল হয়ে উঠেছে। সেই আবহে বার্ষিক বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে গেল।
এই স্থগিতাদেশের ফলে ভোটার তালিকা সংশোধনের জন্য অপেক্ষায় থাকা বহু মানুষের পরবর্তী কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে নতুন ভোটার, ঠিকানা পরিবর্তনকারী এবং তালিকায় ভুল থাকা ভোটারদের কবে থেকে আবেদন করার সুযোগ দেওয়া হবে, তা এখন নির্বাচন কমিশনের পরবর্তী ঘোষণার উপর নির্ভর করছে।
নতুন সূচির অপেক্ষায় রাজ্য
সিইও দফতরের বিজ্ঞপ্তিতে আপাতত স্থগিত রাখার কথা জানানো হলেও, সংশোধন প্রক্রিয়া কবে ফের শুরু হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। কমিশনের পরবর্তী নির্দেশের দিকেই এখন নজর প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির। ‘অনিবার্য পরিস্থিতি’র কারণ স্পষ্ট না হওয়ায় সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন উঠলেও, নতুন সূচি প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ আপাতত অনিশ্চিতই থাকছে।






