গাউন-হ্যাট নয়, সমাবর্তনে ফিরুক ভারতীয় পোশাক! ইউরোপীয় রীতির বিরোধিতা উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের
অনুষ্ঠানে গাউন ও হ্যাট পরার প্রচলিত রীতি প্রত্যাখ্যান করেন তিনি
Truth of Bengal: সমাবর্তন অনুষ্ঠানে পাশ্চাত্য পোশাকের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য মেনে ডিগ্রি প্রদানের পক্ষে সওয়াল করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে গাউন ও হ্যাট পরার প্রচলিত রীতি প্রত্যাখ্যান করেন তিনি। পরিবর্তে উত্তরীয় পরেই অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রথা মেনে মন্ত্রীকে গাউন ও হ্যাট পরানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সম্মতি জানাননি তিনি। পরিবর্তে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণের পথে ইউরোপীয় মডেল এবং ব্রিটিশ মানসিকতা বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। তাঁর কথায়, ভারতীয় সংস্কৃতিতে প্রাচীনকাল থেকেই গলবস্ত্র, অঙ্গবস্ত্র ও উত্তরীয় পরানোর রীতি রয়েছে। বাংলার পাশাপাশি সংস্কৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও ডিগ্রি প্রদানের সময় উত্তরীয় পরানোর প্রচলন ছিল।
শুধু নিজের পোশাকেই নয়, ডিগ্রি নিতে আসা পড়ুয়াদের ভারতীয় পোশাক এবং গলায় উত্তরীয় দেখে তাঁদেরও প্রশংসা করেন উচ্চশিক্ষামন্ত্রী। দেশের বিভিন্ন বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে পাশ্চাত্য রীতির পরিবর্তে দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার প্রবণতা বাড়ছে বলেও জানান তিনি। রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়েও সমাবর্তনে উত্তরীয় ব্যবহারের রীতি চালু হচ্ছে বলে উল্লেখ করেন জগন্নাথ। এদিনের অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। মন্ত্রীর আশ্বাস, আগামী এক মাসের মধ্যেই উপাচার্য পেতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, প্রায় চার বছর ধরে উপাচার্য ছাড়াই চলছিল উত্তরবঙ্গের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়।
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এদিন ২০২২ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের বি টেক ও এম টেক উত্তীর্ণ পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ব্যাচের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চশিক্ষামন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সমাবর্তন ও ডিগ্রি প্রদান অনুষ্ঠান কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ফলে উত্তীর্ণ পড়ুয়াদের দীর্ঘদিন প্রভিশনাল সার্টিফিকেটের উপর নির্ভর করতে হয়েছে। এতদিনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে ডিগ্রি তুলে দেওয়া সম্ভব হল বলেও জানান তিনি।





