ইস্টবেঙ্গলের মেয়েদের দাপট, গাড়োয়াল এফসি-কে হারিয়ে জয় লাল-হলুদ বাহিনীর
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। ৬ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল।
Truth Of Bengal: গাড়োয়াল এফসি-র বিরুদ্ধেও দাপট বজায় রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল এফসি-র মেয়েরা। সেতু এফসি-কে হারানোর পর কল্যাণীতে আয়োজিত ম্যাচে ২-১ গোলে জয় পেল লাল-হলুদ বাহিনীর। ম্যাচের শেষদিকে একটি গোল হজম করলেও শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল মশাল বাহিনীর হাতেই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। ৬ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। সৌম্যা গুগুলথের ডানদিক থেকে বাড়ানো ক্রসে ফাজিলা ইকওয়াপুটের শট অল্পের জন্য বাইরে চলে যায়। ১২ মিনিটে বাঁদিক ধরে উঠে এসে সুলঞ্জনা দারুণ ক্রস বাড়ালেও গাড়োয়ালের ডিফেন্ডার লিন্ডা চানু তা ক্লিয়ার করেন।অবশেষে ২২ মিনিটে কাঙ্খিত গোল পায় ইস্টবেঙ্গল। সৌম্যার ডানদিক থেকে বাড়ানো বল নিখুঁতভাবে গোলে প্লেস করেন সুলঞ্জনা। গাড়োয়াল গোলকিপার রিবাংসি জামু কিছুই বুঝে উঠতে পারেননি। প্রথমার্ধের শেষদিকে সুলঞ্জনা ফের গোলের সুযোগ পেলেও এবার তাঁর শট ঠেকিয়ে দেন জামু।
প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন অধিনায়ক ফাজিলা ইকওয়াপুট। একেবারে শেষ মুহূর্তে ফাঁকা গোলে বল ঠেলতে না পারায় হতাশ হতে হয় তাঁকে। সেই সঙ্গে ফের ত্রাতা হয়ে ওঠেন লিন্ডা চানু। ঠিক এক মিনিট পরেই রেস্টির থ্রু পাস থেকে ফাজিলা গোলের সুযোগ পেলেও তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।দ্বিতীয়ার্ধে অবশ্য ভুল শুধরে নেন লাল-হলুদের বিদেশি স্ট্রাইকার। আশালতা দেবীর কর্নারে সুলঞ্জনার হেড থেকে বল এসে পড়ে ফাজিলার কাছে। দূর কোণ থেকে দুরন্ত শটে এবারের আইডব্লিউএলে নিজের প্রথম গোল তুলে নেন তিনি। ৬৮ মিনিটে ফাজিলা আবারও গোলের কাছে পৌঁছলেও এবার অসাধারণ সেভ করেন গাড়োয়াল গোলকিপার জামু।
৭২ মিনিটে ম্যাচে ফেরার চেষ্টা করে গাড়োয়াল। সুপার সাব মনিষা সিংহের ক্রস বিপজ্জনকভাবে গোলে ঢুকে যায়। বলের গতিপথ বুঝতে না পেরে পান্থই চানু চেষ্টা করেও তা আটকাতে পারেননি।শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল এফসি। এই জয়ে লিগে তাদের আত্মবিশ্বাস আরও বাড়ল বলেই মনে করছেন ফুটবল মহল।


