Chief Secretaries Conference Delhi: দিল্লিতে মুখ্যসচিবদের তিন দিনের বৈঠকে প্রধানমন্ত্রী
সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Truth of Bengal: রাজ্যের পরিবেশ উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্য নিয়ে শনিবার দিল্লিতে রাজ্যগুলির মুখ্যসচিবদের তিন দিনের বৈঠক। লজিস্টিক্স উন্নয়ন, প্রশাসনে লাল ফিতের ফাঁস কাটানো, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসনে প্রযুক্তির ব্যবহার এবং ভারতের আত্মনির্ভরতা—এই পাঁচটি মূল বিষয়কে সামনে রেখেই বৈঠকের কর্মসূচি সাজানো হয়েছে।সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা এবং রাজ্যগুলির মুখ্যসচিবরা।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, মাওবাদী অধ্যুষিত এলাকা মাওবাদী-মুক্ত হওয়ার পর সেখানে কী ধরনের উন্নয়নমূলক নীতি গ্রহণ করা হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এই বৈঠকে যোগ দিয়েছেন।কেন্দ্র সূত্রে খবর, বৈঠকে রাজ্যস্তরে পরিবেশ উন্নয়নে লজিস্টিক্স খাতে সংস্কার, প্রশাসনিক জটিলতা দূর করতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার উপর জোর দেওয়া হবে। পাশাপাশি ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে মানবসম্পদ উন্নয়নের রূপরেখা নিয়েও আলোচনা হবে।






