দেশ

মহাকাশে ইসরোর নতুন মাইলফলক! উৎক্ষেপণ এনভিএস-০৩, আরও শক্তিশালী হবে ভারতের নিজস্ব GPS

এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Truth of Bengal: মহাকাশ গবেষণায় ফের এক নতুন সাফল্যের নজির গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দেশের নিজস্ব নেভিগেশন ব্যবস্থাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার মহাকাশে পাঠানো হল কৃত্রিম উপগ্রহ এনভিএস-০৩। জিএসএলভি-এফ১৮ রকেটের সাহায্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এই উপগ্রহ। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞানীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি আশাপ্রকাশ করেছেন, এই উপগ্রহের মাধ্যমে দেশজুড়ে সাধারণ মানুষও নানা ক্ষেত্রে উপকৃত হবেন। শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় জিএসএলভি-এফ১৮ রকেট। উৎক্ষেপণের প্রায় ২০ মিনিট পর উপগ্রহটিকে সফলভাবে তার নির্ধারিত জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করা হয়। গোটা উৎক্ষেপণ প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন। উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছনোর পরই তিনি মিশনের সাফল্যের কথা ঘোষণা করেন। একইসঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের অভিনন্দন জানান তিনি।

এই সাফল্যের পর এক্স হ্যান্ডেলে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, এনভিএস-০৩-কে বহনকারী জিএসএলভি-এফ১৮-এর সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই উপগ্রহ দেশের স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এর ফলে দেশের সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবায় আরও বেশি সুবিধা পাবেন। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী ক্ষমতা দেশকে গর্বিত করে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। ইসরোর দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের তৃতীয় উপগ্রহ হল এনভিএস-০৩। ‘নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন’ বা নাভিক ব্যবস্থার আওতায় এই উপগ্রহ তৈরি করা হয়েছে। ভারতের নিজস্ব নেভিগেশন পরিষেবাকে নিরবচ্ছিন্ন রাখা এবং তার সিগন্যালের মান আরও উন্নত করাই এই মিশনের মূল লক্ষ্য।

বর্তমানে অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণের ক্ষেত্রে ভারতের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই এনভিএস-০৩-এর সফল উৎক্ষেপণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন মহাকাশ গবেষকরা। এই উপগ্রহের মাধ্যমে দেশের নিজস্ব নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Related Articles