কলকাতারাজ্যের খবর

West Bengal Cold Wave: দক্ষিণবঙ্গে পারদ পতন অব্যাহত! বছরের শেষে কত নামবে তাপমাত্রা?

চলতি সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে বজায় থাকবে কনকনে ঠান্ডা।

Truth of Bengal: গত কয়েকদিন ধরে টানা শীতের দাপটে কার্যত নাজেহাল গোটা বাংলা। শীত পড়বে কি না, তা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কাটিয়ে এখন পৌষের তীব্র ঠান্ডায় কাঁপছে আট থেকে আশি সকলেই। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, এই শীতের দাপট আপাতত কমার কোনো ইঙ্গিত নেই। চলতি সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে বজায় থাকবে কনকনে ঠান্ডা। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং সপ্তাহের মধ্যেই পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এর প্রভাব পড়ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও। দিনের বেলাতেও উত্তুরে হাওয়ার দাপটে শীতের কাঁপুনি অনুভূত হচ্ছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের মতো পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। অনেক ক্ষেত্রে এই জেলাগুলির ঠান্ডা উত্তরবঙ্গের সঙ্গেও তুলনীয় হয়ে উঠছে।

তবে বছরের শেষ কিংবা নতুন বছরের শুরুতে যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সামান্য স্বস্তির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। যদিও আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ পুরোপুরি কাটবে না। অর্থাৎ কনকনে ঠান্ডার মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে রাজ্যবাসী। আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও আপাতত বড় কোনো সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কঠিন। সেখানে তীব্র ঠান্ডার পাশাপাশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে। আশ্চর্যের বিষয়, কোচবিহার ও আলিপুরদুয়ারের মতো সমতল জেলার তাপমাত্রা অনেক সময় পাহাড়ি এলাকার থেকেও কম রেকর্ড করা হচ্ছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। তবে ঘন কুয়াশার প্রভাব দিনের বেলাতেও শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেবে। সব মিলিয়ে, উত্তুরে হাওয়ার দাপট ও নিম্নমুখী পারদের জেরে গোটা বাংলা এখন শীতের কবলে। এই ঠান্ডার দাপট যে আরও কিছুদিন বজায় থাকবে, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন।

Related Articles