কলকাতা

মহাকরণ লাগোয়া বহুতলে ভয়াবহ আগুন! পুড়ে ছাই বহু নথি

জানা গিয়েছে, ওই বহুতলে চার থেকে পাঁচটি সংস্থার অফিস রয়েছে।

Truth of Bengal: মাঝরাতে কলকাতার বুকে ফের অগ্নিকাণ্ড। মহাকরণ লাগোয়া বিবাদী বাগের লায়ন্স রেঞ্জ এলাকায় একটি বহুতল অফিসে ভয়াবহ আগুন লাগে। রবিবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ বিল্ডিং থেকে ধোঁয়া বেরতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুনে অফিসের নথিপত্র, কম্পিউটার-সহ একাধিক সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ওই বহুতলে চার থেকে পাঁচটি সংস্থার অফিস রয়েছে। চারতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা স্মোক ডিটেক্টর ও গ্যাস মাস্ক ব্যবহার করেন। সকাল ৮টার পরও কয়েকটি জায়গায় পকেট ফায়ার ছিল। সেগুলি নেভানোর পাশাপাশি বর্তমানে কুলিং প্রসেস চলছে। কী কী নথি নষ্ট হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে অগ্নিকাণ্ড, তা নিশ্চিত করতে পারেননি দমকল কর্মীরা। আগুন পুরোপুরি নিভে গেলে ঘটনাস্থল খতিয়ে দেখা হবে। অগ্নিকাণ্ডের উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল। পাশাপাশি বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও পরীক্ষা করা হচ্ছে।

Related Articles