মদ্যপ অবস্থায় যৌন নির্যাতন! শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ, বিস্ফোরক দাবি স্যান্ডি সাহার
সায়ক মদ্যপ অবস্থায় তাঁর ওপর যৌন নির্যাতন চালান বলে দাবি স্যান্ডির
Truth of Bengal: ছোটপর্দার পরিচিত মুখ ও ভাইরাল ব্লগার সায়ক চক্রবর্তীকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগকারী আর কেউ নন, খোদ স্যান্ডি সাহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্যান্ডি সাহা জানান, প্রায় তিন-চার বছর আগে সায়কের বাড়িতে একটি ভিডিও শুট করতে গিয়েছিলেন তিনি। কাজ শেষ হওয়ার পর সায়ক মদ্যপ অবস্থায় তাঁর ওপর যৌন নির্যাতন চালান বলে দাবি স্যান্ডির। এতদিন কেন মুখ খোলেননি? এই প্রশ্নের উত্তরে স্যান্ডি বলেন, “তখন টেলিভিশনের দৌলতে সায়কের ইমেজ খুব ভালো ছিল। আমি ভেবেছিলাম, তখন মুখ খুললে লোকে আমার কথা বিশ্বাস করবে না, উল্টে আমিই বিপদে পড়ব।” কিন্তু সম্প্রতি এক শিশুশিল্পীকে হেনস্তার অভিযোগ সামনে আসতেই স্যান্ডি ঠিক করেন, এবার সত্যিটা বলা প্রয়োজন। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
স্যান্ডির এই বিস্ফোরক দাবির আগেই সায়কের বিরুদ্ধে শিশুশিল্পীকে হেনস্তার অভিযোগ তুলেছিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে তথা পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়। সায়কের নাম সরাসরি না নিলেও অর্ক তাঁর পোস্টে লেখেন, কয়েক বছর আগে একটি নামজাদা প্রযোজক সংস্থার মেকআপ রুমে এক শিশুশিল্পীকে যৌন হেনস্তা করেছিলেন এই ‘ভাইরাল ব্লগার’। মেকআপ রুমের সেই ঘটনার পর সায়ক নাকি সকলের সামনে ক্ষমা চেয়েছিলেন। শিশুশিল্পীর মা এবং প্রযোজক সংস্থাও বিষয়টি জানতেন, কিন্তু পরে সব ‘স্বাভাবিক’ হয়ে যায়। অর্ক আক্ষেপ করে লেখেন, “আমরাই অপরাধীকে বারবার সুযোগ দিয়েছি, তাই আজ অপরাধের ধরন বদলেছে কিন্তু মানসিকতা বদলায়নি।”
এক সময় ছোটপর্দার ‘চকোলেট বয়’ ইমেজ থাকা সায়কের কেরিয়ার এখন চরম সংকটে। একদিকে গোমাংস কাণ্ড নিয়ে জনরোষ, অন্যদিকে স্যান্ডি সাহা ও অর্ক গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের তোলা এই ঘৃণ্য অভিযোগ— সব মিলিয়ে সায়ক চক্রবর্তীর চারপাশ এখন বিতর্কের বেড়াজালে বন্দি।



