বিনোদন

মাথাভর্তি সিঁদুর, লাল শাড়িতে অনন্যা! হাতে-মাথায় জ্বলন্ত ধুনো! কালীপুজোয় অন্য রূপে শুভশ্রী

এবার কালীপুজোয় বাপের বাড়ির পারিবারিক আয়োজনে ধুনো পোড়ানোর রীতি পালন করলেন অভিনেত্রী।

Truth of Bengal: গ্ল্যামার দুনিয়ার ব্যস্ততা, শুটিংয়ের হাজারো কাজ—সবকিছুর মাঝেও উৎসব-অনুষ্ঠানে সংসারকেই বরাবর বেশি গুরুত্ব দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে চুটিয়ে উপভোগ করেন প্রতিটি বিশেষ মুহূর্ত। অভিনয়ের পাশাপাশি ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাসের কথাও অজানা নয়। এবার কালীপুজোয় বাপের বাড়ির পারিবারিক আয়োজনে ধুনো পোড়ানোর রীতি পালন করলেন অভিনেত্রী। লাল শাড়ি, গা ভর্তি গয়না আর মাথাভর্তি সিঁদুরে শুভশ্রীর সাবেকি সাজ দেখে মুগ্ধ অনুরাগীরা।

কালীপুজোর সন্ধ্যায় শুভশ্রীর সাজেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। পরনে উজ্জ্বল লাল শাড়ি, কানে-গলায় মানানসই গয়না, কপালে ছোট্ট লাল টিপ। সঙ্গে ছিল দুই সন্তান ইউভান ও ইয়ালিনি। মায়ের সঙ্গে রং মিলিয়ে লাল পোশাকে সেজেছিল ছোট্ট ইয়ালিনি। অন্যদিকে, হলুদ পাঞ্জাবিতে নজর কাড়ে ইউভান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই হাতে এবং মাথায় জ্বলন্ত মাটির পাত্র নিয়ে ধুনো পোড়ানোর রীতি পালন করছেন শুভশ্রী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা এই রীতি পালন করেন। অভিনেত্রীর এমন নিষ্ঠা ও সাবেকি রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই তাঁকে অনন্যা বলে অভিহিত করেছেন। তবে এবারের কালীপুজোয় শুভশ্রীর উপস্থিতির পাশাপাশি আরও একটি বিষয় নজর কেড়েছে। ধুনো পোড়ানোর সময় অভিনেত্রীর পাশেই ছিলেন তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ছোট্ট ইয়ালিনিকে সামলাতেও দেখা যায় তাঁকে। আর এই দৃশ্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, দুই বোনের সম্পর্কে নাকি তৈরি হয়েছে দূরত্ব। পারিবারিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যাচ্ছিল না শুভশ্রী ও দেবশ্রীকে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। কিন্তু বাপের বাড়ির কালীপুজোয় দুই বোনকে পাশাপাশি দেখে সেই জল্পনায় কার্যত ইতি টানলেন তাঁরা। কোনও মন্তব্য নয়, বরং পারিবারিক মুহূর্তের ছবিই যেন বুঝিয়ে দিল, সম্পর্কের উষ্ণতা এখনও অটুট। এবার তাই শুভশ্রীর ধুনো পোড়ানোর ভিডিওর পাশাপাশি দুই বোনের একসঙ্গে উপস্থিতিও হয়ে উঠেছে নেটিজেনদের চর্চার বিষয়।

Related Articles