খেলা

চোট পেলেন হার্ষিত, চিন্তায় টিম ইন্ডিয়া

হর্ষিতের চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই।

Truth Of Bengal: সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগেই চোটের আশঙ্কায় উদ্বেগ বাড়ল ভারতীয় শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার হর্ষিত রানা।বুধবার নবি মুম্বইয়ে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র এক বলের জন্য মাঠে দেখা গিয়েছিল হর্ষিতকে। তখন অবশ্য কোনও অস্বস্তি চোখে পড়েনি। কিন্তু প্রোটিয়াদের ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন তিনি। রান-আপ নিতে গিয়ে বারবার থেমে যেতে হয়, হাঁটু চেপে ধরে বসেও পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই কোনও মতে নিজের ওভার শেষ করেন হর্ষিত, যেখানে ১৬ রান দেন। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি এই পেসার।

হর্ষিতের চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। তবে বিশ্বকাপের ঠিক আগে তাঁর এই চোট স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের মধ্যে। সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়লেও টি-২০ দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন হর্ষিত এবং নিয়মিত প্রথম একাদশেও থাকছেন। ফলে টুর্নামেন্ট শুরুর মুখে তাঁকে বিকল্প দিয়ে বদলানো ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে চোট সমস্যায় ভুগেছে ভারতীয় দল। বিজয় হাজারে ট্রফি চলাকালীন আহত হয়েছিলেন তিলক বর্মা, যদিও চোট সারিয়ে দলে ফিরে প্রস্তুতি ম্যাচে ভালো ফর্মেরই ইঙ্গিত দিয়েছেন তিনি। ফিটনেস নিয়েও আপাতত কোনও সমস্যা নেই। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।এর মাঝেই হর্ষিতের চোট নতুন করে চিন্তা বাড়াল টিম ম্যানেজমেন্টের। এখন দেখার, চোট কাটিয়ে সময়মতো মাঠে ফিরতে পারেন কিনা, নাকি বিশ্বকাপের মঞ্চ থেকেই ছিটকে যেতে হয় এই তরুণ পেসারকে।