বিনোদন

একরত্তি বিহানকে নিয়ে ভিক্যাটের প্রথম পারিবারিক ছবি, উচ্ছ্বসিত অনুরাগীরা

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা।

Truth of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে অনুরাগীদের সামনে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দীপাবলির বিশেষ মুহূর্তে একরত্তি বিহান কৌশলকে সঙ্গে নিয়ে পারিবারিক ছবি ভাগ করে নিলেন তাঁরা। ছবিতে তিনজনের হাসিমুখ নজর কেড়েছে নেটিজেনদের।

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম হয় তাঁদের। ছেলের নাম রেখেছিলেন বিহান কৌশল। এতদিন ছেলের হাত-পায়ের ছবি শেয়ার করলেও মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। অবশেষে দীপাবলির আনন্দঘন মুহূর্তেই সেই অপেক্ষার অবসান ঘটল।

ছবিতে ভিকির পরনে সাদা কাজ করা কুর্তা-পাজামা, অন্যদিকে হলুদ পোশাকে সেজেছেন ক্যাটরিনা ও ছোট্ট বিহান। ছবির সঙ্গে ভিকি-ক্যাটরিনা লিখেছেন, তাঁদের কাছে এটাই সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সকলকে ভালোবাসা, আনন্দ ও আলোর উৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।

এর আগে ছেলের বয়স দু’মাস হওয়ার সময় তার নাম প্রকাশ করেছিলেন দম্পতি। বিহানের ছোট্ট হাতের ছবি দিয়ে তাঁরা জানিয়েছিলেন, তাঁদের জীবনের নতুন আলোকরশ্মি এসেছে। এবার প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে আসতেই ভিকি-ক্যাটরিনার পোস্ট ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে।

Related Articles