‘টক্সিক’ তকমা মানতে নারাজ নন্দিনী! রাজবীর-কাণ্ডে মুখ খুলে কী সাফাই অভিনেত্রীর?
নিজের অবস্থানে অনড় থেকে গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন নন্দিনী
Truth of Bengal: বিগ বস বাংলার ঘর থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে নন্দিনী দত্ত। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশের কাছে তিনি এখন ‘টক্সিক’। কিন্তু এই তকমা কি আদৌ মেনে নিতে রাজি অভিনেত্রী? একেবারেই নয়! বরং নিজের অবস্থানে অনড় থেকে গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন নন্দিনী। জানালেন, রাজবীর দে-কে মারধর করার অভিযোগ যে অর্থে করা হচ্ছে, তেমন কিছুই তিনি করেননি। একইসঙ্গে স্বীকার করলেন, নিজের আচরণের জন্য অনুতপ্ত। দুর্গ থেকে বেরিয়েই রাজবীরের মা ও ভাইকে ফোন করে ক্ষমাও চেয়েছেন। তবে বিগ বসের সিদ্ধান্তে যে তাঁর কিছুটা অভিমান রয়েছে, তা-ও বুঝিয়ে দিলেন স্পষ্ট কথায়। প্রশ্ন তুললেন, “কই দুর্নিবারকে তো বের করল না!” শনিবার রাতে রাজবীর দে-কে মারধরের অভিযোগে বিগ বস বাংলা থেকে বাদ পড়েন নন্দিনী। ঘটনার পর একাধিকবার ক্ষমা চাইলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বাবা-মা, রাজবীর এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইতে তিনি প্রস্তুত। কিন্তু অন্য কারও কাছে ক্ষমা চাইতে বাধ্য নন। নন্দিনী জানান, শো থেকে বেরিয়ে আসার পরই রাজবীরের বাড়িতে ফোন করেছিলেন তিনি। কথা বলেছেন তাঁর মা ও ভাইয়ের সঙ্গেও।
তবে আচরণ নিয়ে অনুশোচনা থাকলেও বিগ বসের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন নন্দিনী। তাঁর দাবি, আগে কখনও তাঁকে সতর্ক করা হয়নি। এমনকী ঘটনার দিন রাজবীর যদি একবার বুঝিয়ে বলত যে সেখানে ক্যামেরা রয়েছে, তাহলে হয়তো নিজেকে সামলে নিতে পারতেন। নন্দিনীর কথায়, “কেউ আমায় কোনওদিন ওয়ার্ন করেনি। ঘটনার দিনও যদি রাজবীর আমার হাতটা ধরে বলত, এখানে ক্যামেরা আছে, এরকম করো না, আমি হয়তো সামলে নিতাম। আসলে নিজের বাড়ি ভেবেছিলাম।” এরপরই শোয়ের অন্য প্রতিযোগীদের প্রসঙ্গ টেনে নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর প্রশ্ন, যদি গায়ে হাত তোলার অভিযোগে তাঁকে শাস্তি দেওয়া হয়, তাহলে দুর্নিবার ও জীতুর ক্ষেত্রে একই রকম পদক্ষেপ করা হল না কেন? কারণ, এর আগে দুর্নিবারের বিরুদ্ধে রাজবীরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও সেই ঘটনায় শাস্তি পেয়েছিলেন দুর্নিবার। নন্দিনীর বক্তব্যে স্পষ্ট, নিজের বহিষ্কারের সিদ্ধান্তকে তিনি পুরোপুরি ন্যায্য বলে মনে করছেন না।এদিকে বিগ বসের বিতর্ক ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল নন্দিনীর আরও একটি মুহূর্ত। রাজবীরকে উদ্দেশ্য করে তাঁর বলা ‘বাবাটা’ শব্দবন্ধ নিয়ে চলছে বিস্তর চর্চা। বিষয়টি নিয়ে প্রশ্ন শুনে হেসেই ফেলেন অভিনেত্রী। জানান, বিমানবন্দরে নামার পর থেকেই মা তাঁকে এই ভিডিও নিয়ে খোঁচা দিচ্ছেন।
কিন্তু রাজবীরকে ওইভাবে সম্বোধন করার নেপথ্যে কী কারণ? নন্দিনীর ব্যাখ্যা, বিগ বসের ঘরে পোশাক ঠিক করার জন্য সেফটিপিন ব্যবহার করতে হত। রাজবীরের ব্লেজারেও সেদিন প্রচুর সেফটিপিন লাগানো ছিল। সেগুলি যে রাজবীর নিজে খুলতে পারবে না, তা জানতেন নন্দিনী। আবার রাজবীর সহজে কারও সাহায্যও নিতে চাইত না। তাই সিক্রেট রুমে বসে তাঁকে সেফটিপিন খুলতে দেখে আচমকাই ওইভাবে বলে ফেলেছিলেন তিনি। তবে শো থেকে বেরিয়ে এসে যখন দেখলেন সেই মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তখন অবাক হলেও খুব একটা খারাপ লাগেনি তাঁর। অর্থাৎ, বিগ বসের ঘর থেকে বিদায়, ‘টক্সিক’ তকমা কিংবা বিতর্ক—সবকিছুর মাঝেও নিজের বক্তব্যে অনড় নন্দিনী। আর তাঁর মন্তব্য, “কই দুর্নিবারকে তো বের করল না!” নতুন করে উসকে দিল বিগ বস বাংলার বিতর্ক।





