সম্পাদকীয়

নদীভাঙন রুখতে পশ্চিমবঙ্গের সহজ কর্মপরিকল্পনা, নদী কেড়ে নিচ্ছে ঘর, জমি, ভবিষ্যৎ

ভাঙনের মানবিক মূল্যও বিপুল

ডক্টর সুজীব কর: পশ্চিমবঙ্গে নদীভাঙন আর বর্ষার সাময়িক দুর্যোগ নয়, এটি এক দীর্ঘস্থায়ী নীরব বিপর্যয়। তাই দরকার বছরভর চলা একটি পরিকল্পিত কর্মসূচি, যা সরকার ধাপে ধাপে সহজে রূপায়ণ করতে পারে। মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায় গঙ্গা-পদ্মা প্রতি বছর গ্রাস করছে চাষের জমি, আমবাগান, স্কুল, মন্দির-মসজিদ, গোটা গ্রাম। ২০২২ সালে রাজ্য সরকার প্রধানমন্ত্রীকে জানিয়েছিল, পনেরো বছরে প্রায় ২,৮০০ হেক্টর উর্বর জমি নদীগর্ভে গিয়েছে এবং প্রায় ১,০০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ২০২৫ সালে শুধু মুর্শিদাবাদেই ১,৬০০ হেক্টর জমি হারানোর কথা জানানো হয়। চলতি বছরের সেপ্টেম্বরে মালদায় একটি পুরনো মন্দির ভেঙে গঙ্গায় তলিয়ে যাওয়ার দৃশ্য গোটা দেশ দেখেছে।

ভাঙনের মানবিক মূল্যও বিপুল। মুর্শিদাবাদের ধুলিয়ানে গত দুই দশকে প্রতি বছর ১০০ থেকে ২০০ পরিবার ঘর হারাচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। জেলার ২০২০-২১ সালের বিপর্যয় ব্যবস্থাপনা পরিকল্পনায় শুধু সামশেরগঞ্জ ব্লকেই ৬৫ হাজারের বেশি পরিবারকে বন্যা, জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকিতে থাকা বলে চিহ্নিত করা হয়েছিল। জমি হারিয়ে বহু পরিবার চরে বা বাঁধের ধারে অস্থায়ী আশ্রয়ে দিন কাটায়, তরুণেরা কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেয়, স্কুল নদীতে তলিয়ে গেলে পড়ুয়াদের পড়াশোনা থেমে যায়। ভাঙন তাই শুধু ভূগোলের সমস্যা নয়, জীবিকা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তারও সমস্যা।

সমস্যা শুধু গঙ্গার পাড়ে নয়। ভূতাত্ত্বিক সর্বেক্ষণের তথ্য অনুযায়ী, ১৯৬৯ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতীয় সুন্দরবন ২৫০ বর্গকিলোমিটারের বেশি জমি হারিয়েছে; ঘোড়ামারা দ্বীপ ৮.৫৯ থেকে কমে ৩.৮৩ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গে ২০২৩ সালে সিকিমের হিমবাহ-হ্রদ বিস্ফোরণের পর তিস্তার নদীখাত প্রায় চার মিটার উঁচু হয়ে গিয়েছে বলে রাজ্যের সেচ দফতর জানিয়েছে। ২০২৫ সালের অক্টোবরের বন্যায় তিস্তা, জলঢাকা, তোর্সা ও কালজানি একাধিক জায়গায় গতিপথ বদলেছে।

River Erosion | Several houses went under river at Ratua - Anandabazar

কারণগুলিও বহুমুখী। পলিমাটির নদী স্বভাবতই বাঁক নেয়; ফরাক্কা ব্যারেজের উজানে পলি জমে নদীর গতিপথ বদলাচ্ছে; উত্তরবঙ্গে অবাধ বালি ও বোল্ডার তোলা নদীর পাড় দুর্বল করছে; উপকূলে জোয়ার, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাঁধ ভাঙছে। তার ওপর রয়েছে প্রশাসনিক দুর্বলতা; কাজ শুরু হয় ভাঙন শুরু হওয়ার পর, দায়িত্ব ভাগ হয়ে আছে একাধিক দফতরে, আর ভিটেহারা মানুষ নতুন জমি পান না।

পাঁচটি অঞ্চল, পাঁচ রকম সমাধান

রাজ্যের নদীভাঙন এক রকম নয়, তাই সমাধানও এক হতে পারে না। গোটা রাজ্যকে পাঁচটি ভাঙন-অঞ্চলে ভাগ করে প্রতিটির জন্য একজন দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়র ও আলাদা কর্মসূচি থাকা উচিত।

১. গঙ্গা-পদ্মা অঞ্চল (মালদা, মুর্শিদাবাদ, নদিয়া)। এটিই সবচেয়ে বিপন্ন এলাকা। ফরাক্কার উজানে মালদার মানিকচক, কালিয়াচক, রতুয়া আর ভাটিতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, লালগোলা, ভগবানগোলা, জলঙ্গি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় জল কমিশনের নেতৃত্বে একটি কমিটি ২০২৪ সালে গঙ্গা-পদ্মার জন্য সমন্বিত পরিকল্পনা জমা দিয়েছে। চলতি বছরের জুলাইয়ে রাজ্য ৩,৬০০ কোটি টাকার একটি প্রস্তাব পাঠিয়েছে, যার খরচ কেন্দ্র ও রাজ্য অর্ধেক করে বহন করবে বলে প্রস্তাব। এখানে প্রথম কাজ হল কমিটির চিহ্নিত সঙ্কটপূর্ণ এলাকাগুলিকে অগ্রাধিকার দিয়ে বর্ষার আগেই পাড় বাঁধানো। বালির বস্তার বদলে জিও-ব্যাগ, জিও-ম্যাট্রেস আর পাড়ের গোড়ায় পাথর বা কংক্রিটের ব্লক বসাতে হবে, কারণ গোড়া থেকেই পাড় ভাঙে। নদীর পাড় থেকে ৫০০ মিটারের মধ্যে থাকা স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও রেশন দোকান আগেই নিরাপদ জায়গায় সরাতে হবে। রাজমহলে গঙ্গার খাত খননের জন্য ঝাড়খণ্ডের সম্মতি চাওয়ার যে উদ্যোগ রাজ্য নিয়েছে, তা বৈজ্ঞানিক মডেলিংয়ের ভিত্তিতে এগোনো উচিত। দীর্ঘমেয়াদে ফরাক্কার পলি ব্যবস্থাপনা পর্যালোচনা ও বাংলাদেশের সঙ্গে যৌথ নদী কমিশনে আলোচনা জরুরি।

২. উত্তরবঙ্গের পাহাড়ি নদী (তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা, বালাসন)। এখানকার নদী খাড়া, পাথর ও পলি বয়ে আনে, এক বন্যায় গতিপথ বদলে ফেলে। বর্ষার আগে ভাঙা বাঁধ মেরামত, সেতু ও বাঁধের এক কিলোমিটারের মধ্যে বালি-পাথর তোলা বন্ধ, গুরুত্বপূর্ণ সেতুতে জলস্তর মাপার যন্ত্র ও মোবাইলে সতর্কবার্তা, আর ভুটানের কাছ থেকে জল ছাড়ার তথ্য সঙ্গে সঙ্গে পাওয়ার ব্যবস্থা দরকার। পরের ধাপে তিস্তা-তোর্সায় নিয়ন্ত্রিত, বৈজ্ঞানিক পলি উত্তোলন, গ্যাবিয়ন ও বাঁশের বান্ডাল, আর পাড়ে কাশ-খাগড়া-শিশু গাছ লাগানো। সিকিম ও কেন্দ্রের সঙ্গে মিলে তিস্তা অববাহিকার হিমবাহ-হ্রদ ও মেঘভাঙা বৃষ্টির আগাম সতর্কতা ব্যবস্থা গড়তে হবে।

৩. দক্ষিণ-পশ্চিমের প্লাবনভূমি (ঘাটাল, দামোদর-রূপনারায়ণ-শিলাবতী)। এখানে ভাঙন আসে দীর্ঘস্থায়ী বন্যা ও দুর্বল বাঁধের হাত ধরে। চলতি বছরের সেপ্টেম্বরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। লক্ষ্য হওয়া উচিত আগামী জুনের মধ্যে স্লুইস গেট, পাম্প হাউস ও বাঁধ উঁচু করার কাজ শেষ করা, শুখা মরসুমে নিকাশি খাল সংস্কার, আর ডিভিসি বা মুকুটমণিপুর থেকে জল ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে নিচের এলাকায় সতর্কবার্তা।

৪. হুগলি-ভাগীরথীর জোয়ার-ভাটা এলাকা। শহর, ঘাট ও ঐতিহ্যবাহী স্থান বাঁচাতে বন্দর কর্তৃপক্ষ ও পুরসভার সঙ্গে যৌথভাবে ভাঙনপ্রবণ অংশ চিহ্নিত করা, নদীর পাড়ে নতুন নির্মাণ নিষিদ্ধ করা ও সঙ্কীর্ণ অংশে জলযানের গতি নিয়ন্ত্রণ করা দরকার।

৫. সুন্দরবন ও উপকূল। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় পরিবেশ আদালত জোড়াতাপ্পির কাজ খারিজ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ দিয়েছে। প্রতি বছর ঘূর্ণিঝড়ের মরসুমের পর সবচেয়ে দুর্বল ১০০ কিলোমিটার বাঁধ চিহ্নিত করে পরের মরসুমের আগে মেরামত করতে হবে। খাড়া মাটির দেওয়ালের বদলে চওড়া, ঢালু ও পিছিয়ে থাকা বাঁধ, সামনে ম্যানগ্রোভের বেলা। পোড়ামাটির পলি-ফাঁদের মতো কম খরচের প্রকৃতি-ভিত্তিক উপায় সুন্দরবনে পরীক্ষামূলকভাবে সফল হয়েছে; তা বড় আকারে চালু করা যায়। ঘোড়ামারার মতো যে দ্বীপ বাঁচানো কঠিন, সেখানকার মানুষকে জমি, ঘর ও কাজসহ স্বেচ্ছায় পুনর্বাসনের পরিকল্পনা এখনই শুরু করা উচিত।

The Teesta River, flowing through North Bengal near the Siliguri Corridor (Chicken's Neck), is a vital yet contentious transboundary river that has become a key geopolitical flashpoint. Flash floods.

সব অঞ্চলের জন্য ছয়টি সাধারণ পদক্ষেপ

কিছু কাজ সব অঞ্চলেই লাগে, এবং সেগুলি বড় নির্মাণকাজের চেয়ে অনেক সস্তা।

প্রথমত, ভাঙনের মানচিত্র ও আগাম সতর্কতা। সেচ দফতরে একটি রাজ্য ভাঙন নজরদারি সেল গড়া হোক, যা বিনামূল্যের উপগ্রহচিত্র ব্যবহার করে মার্চ ও নভেম্বরে দু’বার নদীর পাড়-রেখা মাপবে। প্রতিটি ব্লকের জন্য লাল (এক বছরের মধ্যে ভাঙনের আশঙ্কা), কমলা (১-৩ বছর) ও সবুজ (স্থিতিশীল) চিহ্নিত মানচিত্র প্রকাশ করা হোক। প্রতিটি ঝুঁকিপূর্ণ পঞ্চায়েতে দু’জন ‘নদীমিত্র’ স্বেচ্ছাসেবক পাড়ে ফাটল দেখলেই ছবিসহ খবর দেবেন, আর এসএমএস, হোয়াটসঅ্যাপ ও মাইকে গ্রামবাসীকে সতর্ক করা হবে।

দ্বিতীয়ত, আগে প্রকৃতি, পরে কংক্রিট। পাড়ে ভেটিভার, কাশ, বাঁশ আর জোয়ার-এলাকায় ম্যানগ্রোভ; তারপর বাঁশের পরকুপাইন ও পলি-ফাঁদ; তারপর জিও-টেক্সটাইল। পাথর বা কংক্রিটের ভারী কাজ শুধু শহর, জাতীয় সড়ক, রেলপথ বা ঘনবসতি রক্ষার জন্য।

তৃতীয়ত, বালি তোলায় লাগাম। সেতু, ব্যারেজ ও বাঁধের এক কিলোমিটার উজানে-ভাটিতে বালি তোলা নিষিদ্ধ করা হোক। বৈধ খনন হোক ই-নিলাম ও জিপিএস-চিহ্নিত লরির মাধ্যমে, আর রয়্যালটির একটি অংশ পাক পঞ্চায়েত, যাতে তারাই অবৈধ খননের খবর দেয়।

চতুর্থত, ভিটেহারা মানুষের পুনর্বাসন। এটিই সবচেয়ে উপেক্ষিত দিক। নদীভাঙনকে রাজ্য-নির্দিষ্ট বিপর্যয় হিসেবে ঘোষণা করলে দুর্যোগ তহবিলের টাকা ঘর ও জমি হারানোর ক্ষতিপূরণে খরচ করা যাবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলায় নদী থেকে ১০ কিলোমিটারের মধ্যে খাস ও নিহিত জমি নিয়ে একটি ‘ভাঙন পুনর্বাসন জমি ব্যাঙ্ক’ গড়া হোক, আর স্বামী-স্ত্রী দু’জনের নামে পাট্টা দেওয়া হোক। নতুন জেগে ওঠা চরের জমি নথিভুক্ত করার সহজ ও সময়বাঁধা পদ্ধতি চাই। ভিটেহারা পরিবারগুলি আবাস প্রকল্পে অগ্রাধিকার পাক, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে পাড় রক্ষা ও বনসৃজনের কাজ পাক, আর হুমকির মুখে থাকা স্কুল আগেই সরিয়ে পড়ুয়াদের নির্বিঘ্ন পড়াশোনা নিশ্চিত করা হোক।

পঞ্চমত, মানুষের অংশগ্রহণ। প্রতিটি ঝুঁকিপূর্ণ গ্রাম পঞ্চায়েতে প্রধান, জুনিয়র ইঞ্জিনিয়র, নদীমিত্র, স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি ও একজন শিক্ষককে নিয়ে ‘নদীপাড় কমিটি’ গড়া হোক। এলাকার কাজ সম্পূর্ণ হল কি না, তা এই কমিটিই নোটিশ বোর্ডে জানাবে।

ষষ্ঠত, কাজের মান ও স্বচ্ছতা। প্রতিটি কাজের আগে, চলাকালীন ও পরের জিও-ট্যাগ করা ছবি অনলাইনে প্রকাশ করা হোক। এক কোটি টাকার বেশি কাজে ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় পক্ষের পরিদর্শন, আর ৩১ মে-র মধ্যে গোড়ার কাজ শেষ হলে তবেই ঠিকাদারের পুরো পাওনা।

কে করবে, টাকা আসবে কোথা থেকে

এখন দায়িত্ব ছড়িয়ে আছে সেচ, বিপর্যয় ব্যবস্থাপনা, ভূমি, বন, সুন্দরবন উন্নয়ন ও ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের মধ্যে। তাই মুখ্যসচিবের নেতৃত্বে একটি ‘পশ্চিমবঙ্গ নদীভাঙন ব্যবস্থাপনা মিশন’ গড়া হোক, যার নোডাল দফতর হবে সেচ ও জলপথ দফতর। নিচে পাঁচটি অঞ্চল সেল, জেলাশাসকের নেতৃত্বে জেলা কমিটি, আর গ্রামে নদীপাড় কমিটি। এর জন্য নতুন আইন নয়, একটি সরকারি আদেশই যথেষ্ট।

নদী রাজ্যের সীমা মানে না। গঙ্গার পলি আসে বিহার-ঝাড়খণ্ড থেকে, তিস্তার বিপদ আসে সিকিম থেকে, তোর্সা-জলঢাকার জল আসে ভুটান থেকে, আর পদ্মা গিয়ে মেশে বাংলাদেশে। তাই মিশনের একটি স্থায়ী আন্তঃরাজ্য সমন্বয় কক্ষ থাকা উচিত, যা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক, কেন্দ্রীয় জল কমিশন ও ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত বৈঠক করবে এবং কোন কিলোমিটারের দায়িত্ব কোন সংস্থার, তার স্পষ্ট মানচিত্র তৈরি করবে।

অর্থের উৎস একাধিক– বড় পাড়-সুরক্ষার জন্য কেন্দ্রের বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্প ও বিশেষ প্যাকেজ; রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য সেচ বাজেট; আগাম সতর্কতা ও প্রকৃতি-ভিত্তিক কাজের জন্য বিপর্যয় প্রশমন তহবিল; ক্ষতিপূরণের জন্য রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল; আর সুন্দরবনে ম্যানগ্রোভের জন্য সিএসআর ও জলবায়ু অর্থায়ন। দুটি সহজ নিয়মেই অনেক টাকা বাঁচবে: প্রতি বছরের বন্যা-বাজেটের একটি নির্দিষ্ট অংশ বর্ষার আগের কাজের জন্য সংরক্ষিত রাখা, আর ছবিসহ অগ্রগতির প্রমাণ ছাড়া বিল না মেটানো।

Ghoramara the sinking island

৯০ দিনেই যা শুরু করা যায়

সরকারি আদেশে নদীভাঙন মিশন ও পাঁচটি অঞ্চল সেল গঠন।

নদীভাঙনকে রাজ্য-নির্দিষ্ট বিপর্যয় হিসেবে ঘোষণা।

জেলাওয়াড়ি সঙ্কটপূর্ণ এলাকার তালিকা প্রকাশ।

বর্ষার আগের সব কাজ শেষ করার শেষ দিন ৩১ মে নির্ধারণ।

সেতু ও বাঁধের আশপাশে বালি তোলা নিষিদ্ধ এলাকা ঘোষণা।

প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলায় পুনর্বাসন জমি ব্যাঙ্কের জমি চিহ্নিতকরণ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২০টি ব্লকে উপগ্রহভিত্তিক মানচিত্র ও গ্রামস্তরে সতর্কবার্তা চালু।

লাল-চিহ্নিত পঞ্চায়েতে নদীপাড় কমিটি ও নদীমিত্র প্রশিক্ষণ।

রাজমহলে খনন নিয়ে ঝাড়খণ্ড ও তিস্তার আগাম সতর্কতা নিয়ে সিকিমের সঙ্গে আলোচনা শুরু।

সুন্দরবনের সবচেয়ে হুমকির মুখে থাকা বাঁধে স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে ম্যানগ্রোভ ও পলি-ফাঁদ অভিযান।

সাফল্য মাপা হোক কত কিলোমিটার বাঁধ হল তা দিয়ে নয়, কত কম পরিবার ঘরছাড়া হল ও জরুরি খরচ কত কমল তা দিয়ে। প্রতি ডিসেম্বরে বিধানসভায় একটি বার্ষিক নদীভাঙন রিপোর্ট পেশ করা হোক।

শেষ কথা

নদীকে সবখানে আটকানো যাবে না, কিন্তু ক্ষতি অনেকটাই কমানো যায়। সময়মতো সঠিক পাড়-সুরক্ষা, আগাম সতর্কতা, বালি তোলায় নিয়ন্ত্রণ, প্রকৃতি-ভিত্তিক উপায় আর ন্যায্য পুনর্বাসন, এই পাঁচটি একসঙ্গে চললে পশ্চিমবঙ্গ প্রতি বছরের সঙ্কট-মোকাবিলা থেকে পরিকল্পিত নদী-ব্যবস্থাপনায় পৌঁছতে পারবে। প্রথম বছরে টাকার চেয়ে বেশি দরকার প্রশাসনিক দৃঢ়তা; পরের ধাপগুলিতে দরকার কেন্দ্র ও পড়শি রাজ্য-দেশগুলির সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারি। নদীমাতৃক এই রাজ্যে নদীর সঙ্গে বাঁচতে শেখাই এখন সবচেয়ে বড় কাজ।

Related Articles