কলকাতা

গিরিশ পার্ক থানায় হাজিরা অভিষেকের, বাইরে মমতা তৃণমূল ও বিজেপি কর্মীদের হাতাহাতি, চরম উত্তেজনা

পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! থানার বাইরে তৃণমূল-বিজেপি সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগানে রণক্ষেত্র

Truth of Bengal: পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়া এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের তলবে সাড়া দিয়ে শুক্রবার বেলা সাড়ে ১২টার পর কালীঘাটের বাড়ি থেকে রওনা হন তিনি এবং দুপুর ১টা নাগাদ গিরিশ পার্ক থানায় পৌঁছন। অভিষেকের এই হাজিরাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই থানার সামনে চরম রাজনৈতিক উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরি হয়।

অভিষেক থানায় পৌঁছনোর বেশ কিছুক্ষণ আগে থেকেই গিরিশ পার্ক থানার সামনে ভিড় জমাতে শুরু করেন মমতা তৃণমূলের সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীও। তাঁদের স্পষ্ট বক্তব্য, সাংসদ যতক্ষণ না জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরোচ্ছেন, ততক্ষণ তাঁরা থানার বাইরেই অবস্থান করবেন। উপাসনাদের অভিযোগ, পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেককে হেনস্থা করা হচ্ছে। অভিষেক থানায় প্রবেশ করার পর তাঁর সমর্থনে স্লোগান দিতে থাকেন কালীঘাটপন্থী কর্মীরা। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন বিজেপি সমর্থকেরাও। অভিষেক এবং কালীঘাট তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিতে শুরু করেন তাঁরা। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে থানার সামনের পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, “অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাম না-করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়।

উল্লেখ্য, গত অক্টোবরে অভিষেককে বলতে শোনা গিয়েছিল, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে সমস্ত হিসাব নেওয়া হবে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মন্তব্য করেছিলেন তিনি এবং অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুশি করতে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মূলত সেই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতেই এদিন থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles