কলকাতা

ভবানীভবনে হাজিরা বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের! ৫ কোটি টাকা উদ্ধারের জট খুলতে তৎপর সিআইডি

দুবাই থেকে ফিরে সোজা হাইকোর্টে জোড়া আবেদন, তার পরেই সিআইডি দফতরে তলব! সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েও চাপে টুলু মণ্ডল!

Truth of Bengal: দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে সিআইডি-র তলবে সাড়া দিয়ে ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের আলোচিত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল। শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিট নাগাদ তিনি সিআইডি সদর দফতরে পৌঁছান। গত বছর নভেম্বর মাসে কলকাতায় টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় নারায়ণপুর থানায় দায়ের হওয়া মামলার তদন্তের গতি বাড়াতেই সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়ি ‘দালিলা ভবন’-এর বাইরে নোটিস সাঁটিয়ে তাঁকে শুক্রবার ভবানীভবনের এসওজি (SOG) সেকশনে হাজিরার নির্দেশ দিয়েছিল গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে সরকারি রাজস্ব নয়ছয় এবং ভুয়ো ডিসিআর (DCR) তৈরি করে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পূর্বতন তৃণমূল জমানায় বড় বড় সরকারি প্রকল্পের বরাত পাওয়া এই ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ, যেখানে মূল অভিযুক্ত হিসেবে তাঁর নাম রয়েছে। পুলিশের দাবি ছিল, অভিযোগ সামনে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন টুলু এবং তিনি দুবাইয়ে লুকিয়ে ছিলেন বলে সন্দেহ করছিলেন তদন্তকারীরা।

এই পরিস্থিতিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে টুলুকে দেশে ফিরতে হবে এবং আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। শীর্ষ আদালতের এই সাময়িক রক্ষাকবচ পেয়ে দেশে ফেরেন টুলু। ফিরেই বৃহস্পতিবার গ্রেফতারি এড়াতে জোড়া আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পুলিশের এফআইআর-কে চ্যালেঞ্জ করে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কোনও লুকআউট নোটিস জারি রয়েছে কি না এবং তেমন কোনও নোটিসের ভিত্তিতে পদক্ষেপ করার আগে তাঁকে যেন যথাযথভাবে জানানো হয়, সেই আর্জি নিয়ে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চেও আবেদন জানান টুলু।

ঘটনাচক্রে, বৃহস্পতিবার হাইকোর্টে যাওয়ার দিনেই সিউড়িতে তাঁর বাড়িতে নোটিস দিয়ে যায় সিআইডি। সেই নির্দেশ মেনেই এদিন ভবানীভবনে হাজিরা দেন তিনি। এখন দেখার, ম্যারাথন জিজ্ঞাসাবাদে টুলুর ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হওয়া নগদ ৫ কোটি টাকার উৎস এবং কর ফাঁকির রহস্য ভেদ করতে পারেন কি না সিআইডি আধিকারিকরা।

Related Articles