সম্পাদকীয়

বাজির ধোঁয়ায় রয়েছে নানারকম রোগের ছোঁয়া, কবে বুঝব আমরা?

এবার বোধহয় আমাদের এই নিয়ে গভীরভাবে ভাববার সময় এসেছে

বিনয় কান্তি দত্ত ও সিদ্ধার্থ জোয়ারদার: এবারের দীপাবলিতে বাজির তাণ্ডব আমরা ভীষণভাবে প্রত্যক্ষ করলাম। শব্দতাণ্ডবে কলকাতা তথা রাজ্যবাসী প্রত্যেককেই নাজেহাল। এবার বোধহয় আমাদের এই নিয়ে গভীরভাবে ভাববার সময় এসেছে।

বাজি পোড়ানো ও বাজি ফাটানো কালের নিয়মে ধর্মীয় উৎসব এবং সামাজিক ও রাজনৈতিক উচ্ছ্বাস প্রকাশের একটা উপকরণ হয়ে দাঁড়িয়েছে। এর দ্বারা নিজের বা গোষ্ঠীর সাময়িক মনোরঞ্জন লাভ যে অন্য ব্যাক্তি বা জনগোষ্ঠীর অসুবিধার কারণ হতে পারে (বৃহৎ অর্থে, আমাদের চারপাশের পশু-পাখি সহ সমগ্র সমাজেরই এতে ক্ষতি হতে পারে) সে ব্যাপারে তাদের ভাবার অবকাশ থাকে কি? বলাই বাহুল্য, বাজির জেরে অনেক সময়েই ব্যাক্তিগত অসুবিধা হলেও কোনও কালেই তা আমল পায়নি, যতক্ষণ না সমাজের এক অংশ বাজি পোড়ানোকে ‘সামাজিক ক্ষতি’ হিসাবে অনুধাবন করেছে।

তবে, বাজি পোড়ানোর কুফল নিয়ে বিতর্ক বেশি দিনের নয়। বাজি পোড়ানো নিয়ে বিতর্ক চলছে মাত্র গত দু-তিন দশক যাবৎ, যদিও বাজির ইতিহাস যথেষ্ট পুরোনো। চিনে দু’হাজার বছরের বেশি, ভারতবর্ষে প্রায় সাতশো বছর— যখন থেকে বারুদের প্রচলন হল। প্রথমদিকে বিতর্কের কেন্দ্রে ছিল শব্দ। বাজি পোড়ানোর বিরুদ্ধে মামলা-মোকদ্দমার সূচনাও শব্দ নিয়ে। পরবর্তী সময়ে অবশ্য বায়ুদূষণের প্রকোপ বৃদ্ধি এবং তার জন্য ফুসফুস ও হৃদপিণ্ডের রোগের (পড়ুন, কার্ডিও-ভাস্কুলার রোগের) প্রাবল্য এবং এর স্বপক্ষে একরাশ পরীক্ষালব্ধ প্রমাণ বাজি-দূষণে নতুন মাত্রা যোগ করেছে।

বাজি-দূষণের সঙ্গে উৎসবের বড়োই ‘সু-সম্পর্ক’। উৎসবের আনন্দবর্ধনের এক নিদারুণ প্রক্রিয়া হল উৎকট শব্দ সৃষ্টি। অবশ্যম্ভাবীভাবে তা আমাদের সহ্যমাত্রার (সত্তর ডেসিবেলের মতো) সীমা ছাড়ায়। ফলে পরিস্থিতি অনুযায়ী বধিরতা থেকে উচ্চ রক্তচাপ, হার্ট ফেল হয়ে মৃত্যু, সমস্তকিছুই ঘটতে পারে। সবচেয়ে বিপদে পরে অবলা প্রাণীর দল। পশু-পাখিদের করুণ অবস্থা, এমনকি মৃত্যু এর এক ভয়ঙ্কর পরিণতি।

আলোর ফুলকি, আলোর বিচ্ছুরণ, আলোকমালা ও রঙ-বেরঙের আলোর মালা (ডিজাইন) আমাদের কাছে অবশ্যই নয়নাভিরাম। কিন্তু বাজি যদি তার উৎস হয়, তা হলে এই আলো আর বিকট শব্দের অপরিহার্য সহচর হিসাবে চলে আসে প্রবল বায়ুদূষণ। বাজি বানানোর উপকরণ হল  নানাপ্রকারের রাসায়নিক। কিছু সৃষ্টি করে শব্দ, আর কিছু সৃষ্টি করে আলোর বাহার। যেমন কার্বনকণা, সালফার, ফসফরাস, সোডিয়াম নাইট্রেট, পটাসিয়াম ক্লোরেট ও পারক্লোরেট এবং বেশ কিছু বিষাক্ত ধাতু। এর মধ্যে থাকে লিথিয়াম, স্ট্রনসিয়াম (যা থেকে লাল রং-এর স্ফূরণ হয়), বেরিয়াম (সবুজ আলো), তামা (নীল আলো), অ্যালুমিনিয়াম (শ্বেতশুভ্র, তীব্র ঔজ্বল্য), আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা এবং আরও কিছু ভারী ধাতু। বাজি পোড়ানোর সময় স্বাভাবিক ভাবে নির্গত হয় এই সব বিষাক্ত ধাতুর সূক্ষ্মাতিসূক্ষ্ম কণিকা, কার্বনকণা, সূক্ষ ধূলিকণা (পরিভাষায় যা পারটিকুলেট ম্যাটার-১০ এবং পারটিকুলেট ম্যাটার-২.৫ নামে পরিচিত), এবং প্রভূত পরিমাণ বায়বীয় দূষক, যেমন-সালফার, ফসফরাস ও নাইট্রোজেন অক্সাইড, অতি বিষাক্ত বেশ কয়েকটি জৈবযৌগ। রোগ এবং রোগীর উপর রয়েছে এর অপরিহার্য মারাত্মক প্রভাব। এসবের মধ্যে আবার সবুজ বাজি নামক এক সোনার পাথরবাটির জন্ম হয়েছে। এ যেন বিষক্রিয়া-হীন বিষ। থাক সে কথা!

বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তির বিপুল অবদান আমাদের একদিকে যেমন কল্পলোকের দিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে আমাদের জীবনে এসেছে অজানা নানা সমস্যা। প্রাদুর্ভাব হয়েছে নানা রোগের। যার সামনের সারিতে রয়েছে বিভিন্ন ভাইরাস-ঘটিত রোগ। বায়ুদূষণ ও ভাইরাস-ঘটিত রোগ-এর জোড়া ফলায় ফুসফুসের তো রীতিমত হাঁসফাঁস অবস্থা। ফুসফুসের কোষ (লাং এলভিওলার সেল)-এর দফারফা। ফলে স্বাসকষ্ট, দম বন্ধ হওয়ার উপক্রম।

বাজি পোড়ানোর ফলে বাতাসে ধূলিকণা এবং অন্যান্য দূষকের প্রভূত বৃদ্ধি পরীক্ষিত সত্য। বিভিন্ন গবেষণা পত্রিকায় আমরা তার প্রমাণ পেয়েছি। সূক্ষ ধূলিকণা। যা ভাইরাস ঘটিত রোগের প্রাণের বন্ধু, তা প্রায় চল্লিশ গুণ বেড়ে যাওয়ার প্রমাণ রয়েছে। ধূলিকণা ছাড়াও বিষাক্ত ধাতুকণা যে ভাইরাস ঘটিত রোগের প্রভাবকে আরও ধ্বংসাত্মক ক’রে তুলবে তাতে সন্দেহের অবকাশ নেই।

বাজি পোড়ানোর প্রচলন পৃথিবীর অনেক দেশেই রয়েছে। চিন এবং তাইওয়ান-এ নতুন বছর, বসন্তোৎসব এবং লন্ঠন-উৎসব, আমেরিকা এবং আরও অনেক দেশের স্বাধীনতা দিবসে, নতুন বছরের শুরুতে, স্পেন-এর ‘লা ফাজা’, ফ্রান্সের এর বাস্তিল দিবস, মরোক্কো-র আশুরা এমন অনেক দেশে অনুরূপ উপলক্ষে প্রচুর বাজি পোড়ানো হয়। আর আমাদের দেশে বিশেষত দিওয়ালিতে।

বাজির বাজার নিয়ে কেউ বলেন তিন হাজার কোটি, কেউ বলেন অনেক বেশি। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য রয়েছে, সেটা লক্ষ্যণীয়। প্রায় সব দেশেই বাজি তৈরি ও পোড়ানোর উপর সুনির্দিষ্ট আইন রয়েছে। আমাদের দেশে নেই, অন্যান্য আইনের আওতায় বাজির বিচার হয়। বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বললে সামাজিক সমস্যার দোহাই দেওয়া হয়। বাজি-ব্যবসা এতো লোকের রুজি-রোজগার এর সঙ্গে জড়িত ইত্যাদি। এটা সম্পূর্ণ কুযুক্তি। এই যুক্তি মানলে ধূমপান বলবৎ রাখা উচিত ছিল। কারণ তামাক বিশেষত বিড়ি ব্যবসায় বহু মানুষ যুক্ত।

আশা করা যায়, বাজি পুড়িয়ে উৎসব শব্দময় ও বর্ণময় করার এই কদর্য অভ্যাস (পড়ুন, জন-নিপীড়ন-এর এবং রোগীর যন্ত্রণা বৃদ্ধি তথা প্রাণত্যাগ-এর পথ প্রশস্ত করার অমানবিক অভ্যাস) অনতিবিলম্বে অতীতের ঘটনায় পর্যবসিত হবে। এর সঙ্গে হ্রাস পাবে ভাইরাস সংক্ৰমণ এবং মৃত্যুর হার। সাধারণ মানুষ সেই দিনের অপেক্ষায় থাকবে।

(বিনয় কান্তি দত্ত—   ভূতপূর্ব চেয়ারম্যান, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সভাপতি, পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (পেস), কলকাতা) 

(সিদ্ধার্থ জোয়ারদার— অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালায় এবং সহ–সভাপতি, পেস।)