মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার নদিয়ার বিজেপি নেত্রী! পাশে দাঁড়ালেন সাংসদ জগন্নাথ সরকার
তোলাবাজি নাকি তৃণমূল নেতার জুয়ার আসর বন্ধের অভিযান? রানাঘাটে বিজেপি নেত্রীর গ্রেফতারিতে উত্তাল রাজ্য রাজনীতি
Truth of Bengal: মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার এক বিজেপি নেত্রী। ধৃত নেত্রীর নাম পিয়ালী বিশ্বাস, যিনি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রানাঘাট জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ধৃত নেত্রীর পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে ওই নেত্রীকে।
অভিযোগকারীদের দাবি অনুযায়ী, ফোনের মাধ্যমে রানাঘাটের একাধিক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন পিয়ালী বিশ্বাস। দাবিমতো টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আরও দাবি, বৃহস্পতিবার রাতে হঠাৎই ঘটনাস্থলে চড়াও হন পিয়ালী ও তাঁর সঙ্গীরা। বিনা প্ররোচনায় ভাঙচুর শুরু করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়দের সঙ্গে দু’পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের হলে প্রাথমিক তদন্তের পর পিয়ালী বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
যদিও তোলাবাজির যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ধৃত বিজেপি নেত্রী। রানাঘাট আদালতে পেশ করার সময় সাংবাদিকদের সামনে পিয়ালী দাবি করেন, অভিযোগকারীরা কেউ ব্যবসায়ী নন, বরং সেখানে অবৈধ জুয়ার আসর বসত। তৃণমূল নেতা আনন্দ দে-র সেই জুয়ার আসরে ভাঙচুর চালানোর জন্যই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ উড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। তাঁর বক্তব্য, তোলাবাজির একটি ‘মিথ্যা ভাষ্য’ ছড়ানো হচ্ছে। সাংসদের দাবি, অভিযুক্ত নেত্রীর ফেসবুক লাইভ ভিডিওতেই স্পষ্ট যে, রাজ্যে সরকার বদলের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এলাকায় জুয়া ও সাট্টার ঠেক বন্ধ করতেই তাঁরা সেখানে গিয়েছিলেন। উল্টে জুয়ার কারবারিরাই স্থানীয় মহিলাদের ডেকে এনে তাঁদের ওপর পাল্টা আক্রমণ চালান। নেপথ্যে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে মিথ্যা মামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রানাঘাটের সাংসদ।






