রাজ্যের খবর

ভরা রাস্তায় খড়গপুরে দিনদুপুরে তাণ্ডব! দ্বাদশ শ্রেণির ছাত্রকে লক্ষ্য করে বুকে গুলি

বুকে গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় সে রাস্তায় লুটিয়ে পড়ে

Truth of Bengal: দিনদুপুরে খড়গপুর শহরের রাস্তায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ খড়গপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ছাত্রের নাম অক্ষয় ঝা। বুকে গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় সে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্ষয় সাগর কুমার নামে এক যুবকের বাইকে করে যাচ্ছিল। ওল্ড সেটেলমেন্ট এলাকায় একটি দোকানের সামনে কিছু খাওয়ার জন্য তাঁরা বাইক থামান। সেই সময়ই মুখে মাস্ক পরা কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে হামলা চালায় বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা দু’ রাউন্ড গুলি চালায়। তার মধ্যে একটি গুলি অক্ষয়ের বুকে লাগে। ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার আরও একটি দিক নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁরা স্পষ্ট গুলির শব্দ শুনতে পাননি। সেই কারণে বন্দুকে সাইলেন্সর ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পুলিশের তরফে কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

কেন অক্ষয়কে গুলি করা হল, সেটাই এখন তদন্তের মূল প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগর কুমার জমি-বাড়ির দালালির সঙ্গে যুক্ত। অক্ষয় তাঁর পরিচিত। ফলে হামলার প্রকৃত লক্ষ্য সাগর ছিলেন কি না এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অক্ষয়ের বুকে লাগে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সাগর কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরনো শত্রুতা বা ব্যবসায়িক বিবাদের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles