“আমার সামনে চমকে ধমকে ভোট করানো যাবে না!” ভোট প্রচারে ফের বিস্ফোরক বিজেপি প্রার্থী
যারা ভয় পায় তাদের তিনি ভয় দেখাবেনই
Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ভোট প্রচারে অংশ নিয়ে পুলিশ এবং বিরোধীদের উদ্দেশ্যে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে দিলীপ ঘোষ দাবি করেন যে, বর্তমানে যে পুলিশ আধিকারিকরা মাফিয়া বা চোর নেতাদের সঙ্গে বসে চা খাচ্ছেন বা তাঁদের তল্পিবাহকতা করছেন, সময় এলে তাঁরাই ‘উত্তরপ্রদেশ স্টাইলে’ এনকাউন্টার করবেন বা অপরাধীদের শ্রীঘরে পাঠাবেন। এর আগে খড়্গপুর টাউন থানার আইসি-র বিরুদ্ধে মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
নিজের রাজনৈতিক কেরিয়ারে ‘চমকে ধমকে’ রাজনীতি করার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানান যে, যারা ভয় পায় তাদের তিনি ভয় দেখাবেনই। তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ে ভয় দেখানোর যে সমস্ত মামলা হয়েছে, সে প্রসঙ্গে তিনি পালটা প্রশ্ন তোলেন যে বিরোধীরা কেন ভয় পায়। তাঁর অভিযোগ, বিরোধীরা পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষের ভোট লুট করে এবং দুর্নীতি চালায়। এর প্রতিবাদে তাঁর এই আক্রমণাত্মক অবস্থান অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তবে দিলীপ ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, খড়্গপুরের মানুষ তাঁর এই নির্ভীক রাজনীতির কারণেই তাঁকে বারবার ভোট দেন এবং এবারও তার ব্যতিক্রম হবে না। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন যে, তাঁর সামনে চমকে ধমকে ভোট করানো যাবে না এবং কারও সাহস থাকলে তা করে দেখাক। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, দিলীপ ঘোষের এই ধরণের মন্তব্যকে কেন্দ্র করে খড়্গপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পারদ ততটাই চড়ছে।






