রাজ্যের খবর

“অনেক ডাকাত-গুন্ডা দেখেছি, দাদাগিরি চলবে না”, খড়গপুরে আইসি-কে প্রকাশ্য মঞ্চ থেকে তোপ দিলীপের

পুরনো গড় পুনরুদ্ধারে মরিয়া দিলীপের মন্তব্যে এদিন রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে।

Truth of Bengal: খড়গপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ফিরেই নিজের চেনা ‘দাবাং’ মেজাজে ধরা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার নির্বাচনী প্রচারে বেরিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। পুরনো গড় পুনরুদ্ধারে মরিয়া দিলীপের মন্তব্যে এদিন রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে।

খড়গপুর টাউনে প্রচার সেরে একটি সভা থেকে সরাসরি স্থানীয় আইসি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী। অভিযোগ তোলেন, বিজেপি কর্মীদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য ভয় দেখানো হচ্ছে। মঞ্চ থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন, পুলিশের হুমকি বা গুলির ভয়ে বিজেপি কর্মীরা পিছিয়ে যাবে না। পুলিশের উদ্দেশে অত্যন্ত কড়া ও ব্যক্তিগত আক্রমণ শাণিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, দাদাগিরি করে লাভ হবে না।

বক্তব্যের মাঝেই খড়গপুরের অপরাধ জগতের প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, এই শহরের বড় বড় সব ‘ডাকাত’ ও গুন্ডাদের তিনি চোখে চোখ রেখে মোকাবিলা করেছেন। তৃণমূল নেতারা মাফিয়াদের মদত নিয়ে ভোটে জেতেন বলে তোপ দেগে তিনি জানান, অতীতেও যেমন বুক চিতিয়ে লড়াই করেছেন, আগামী দিনেও তেমনই করবেন। কোনো মাফিয়া বা গুন্ডার হুমকিতে তিনি যে দমবার পাত্র নন, তা এদিন স্পষ্ট করে দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ২০২১ সালে দল এখানে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল। হিরণ জয়ী হলেও তাঁকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক ও রাজনৈতিক সমীকরণের কারণে এবার দল ফের পুরনো সৈনিক দিলীপ ঘোষের ওপরই ভরসা রেখেছে।

Related Articles