রাজ্যের খবর

দোকানের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

হঠাৎ রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই দোকান থেকে আগুন বেরোতে দেখেন।

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: দোকানের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক যুবকের! মৃতের নাম অভিজিৎ মণ্ডল (২২)। হাড়মিহ করা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-২ নম্বর ব্লকের হরিণা এলাকায়। পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে দোকানেই ঘুমোচ্ছিলেন অভিজিৎ। সেই সময়ে হঠাৎই দোকানের ভিতরে আগুন লেগে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধ অবস্থায় উদ্ধার করে অভিজিতকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, অভিজিৎ খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কালিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের হরিণা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে কয়েকশো মিটারের মধ্যেই তাঁর একটি ভূষিমাল দোকান রয়েছে। বাড়ির বড় ছেলে অভিজিতই সেই দোকান চালাতেন।

বছর দুয়েক আগে ওই দোকানে পর পর দু’বার চুরি হয়েছিল। তার পর থেকে রাতে দোকানেই ঘুমোতেন অভিজিৎ। শনিবার রাতেও বাড়ি থেকে খাওয়াদাওয়া করে এসে দোকানেই তিনি ঘুমোচ্ছিলেন। হঠাৎ রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই দোকান থেকে আগুন বেরোতে দেখেন। স্থানীয়রা বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। দোকানের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউই ঢুকতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তার পরই পুলিশ ভস্মীভূত দোকান থেকে অভিজিতের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে অভিজিতের বাড়িতেও খবর দেওয়া হয়।

Related Articles