বিনোদন

গর্ভাবস্থায় দুর্গম পাহাড়ে ভারী অ্যাকশন শুটিং! ওটিটি ডেবিউতে কী কাণ্ড ঘটালেন পরিণীতি চোপড়া?

সিরিজের শুটিং শুরু হওয়ার পরই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা

Truth of Bengal: ওটিটি দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরিণীতি চোপড়া। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর হাত ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ হচ্ছে অভিনেত্রীর। আর সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন পরিণীতি। সিরিজের শুটিং শুরু হওয়ার পরই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। তবে পেশাদার দায়িত্বে কোনও প্রভাব পড়ুক, তা চাননি অভিনেত্রী। তাই শুটিং চলাকালীন নিজের গর্ভাবস্থার খবর প্রকাশ্যে আনেননি। এমনকী, দুর্গম পাহাড়ি এলাকায় শুটিংয়ের সময় নির্মাতাদের বিষয়টি জানান পরিণীতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই চলেছে সিরিজের কাজ। অর্থাৎ, মায়ের সঙ্গে কার্যত ছোট্ট নীরেরও ওটিটিতে অভিষেক হয়ে গেল। এখন রাঘব চাড্ডা ও পরিণীতির ছেলে নীরের বয়স প্রায় ১০ মাস।

ট্রেলার লঞ্চে আবেগঘন কণ্ঠে পরিণীতি বলেন, ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ শুধু তাঁর নিজের নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই সিরিজটি তাঁর জীবনে চিরকাল বিশেষ জায়গা দখল করে থাকবে। গর্ভাবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। শুটিং লোকেশন ছিল বেশ কিছু দুর্গম বাংলো এবং দূরবর্তী পাহাড়ি এলাকা। প্রতিদিন সেখানে যাতায়াত করা ছিল যথেষ্ট কষ্টকর। পরিস্থিতি বুঝে নির্মাতারা শুটিং সেটের কাছেই পরিণীতির থাকার ব্যবস্থা করেন।ফলে প্রতিদিন প্রায় এক ঘণ্টা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে সেটে পৌঁছতে হয়নি তাঁকে। সেটে এসে প্রয়োজনমতো শুটিং করে পর্যাপ্ত বিশ্রামের সুযোগও দেওয়া হয়েছিল। এমনকী, গল্পের মূল সুর অক্ষুণ্ণ রেখেই অ্যাকশন দৃশ্যগুলিতেও প্রয়োজনীয় পরিবর্তন করা হয়।

পরিণীতির কথায়, গোটা শুটিং টিম তাঁকে অত্যন্ত যত্নে আগলে রেখেছিল। গর্ভাবস্থার খবর পেয়ে রাঘবও ছুটে গিয়েছিলেন শুটিং লোকেশনে। পাশে ছিলেন পরিণীতির মা, শাশুড়ি এবং ভাইও। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “সবাই হয়তো ভাবছিলেন, পরিণীতির পুরো পরিবারই বুঝি শুটিংয়ে চলে এসেছে!”

Related Articles