বিনোদন

জিতের বাসভবনে বিশেষ অতিথি! মিষ্টিমুখে কাটল বিজয়ার সন্ধ্যা

পুজোর ব্যস্ত কর্মসূচির মাঝেই বুধবার রাতে জিতের বাসভবনে পৌঁছে যান তিনি

Truth of Bengal: রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোর আয়োজন দেখে আগেই নতুন সরকারের প্রশংসা করেছিলেন টলিউড সুপারস্টার জিৎ। এবার বিজয়ার আবহে অভিনেতার বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর ব্যস্ত কর্মসূচির মাঝেই বুধবার রাতে জিতের বাসভবনে পৌঁছে যান তিনি। সেখানে অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি পুজোর আসরে মায়ের দর্শন করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই উপস্থিতিতে আপ্লুত জিৎ ও তাঁর পরিবারের সদস্যরা। বিজয়ার রাতে মুখ্যমন্ত্রী ও টলিউডের ‘বস’-এর সাক্ষাতের সেই মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বুধবার রাতে জিতের বাসভবনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী মোহনা মদনানি। ‘মাতা রানি’র আশীর্বাদী লাল উত্তরীয় পরিয়ে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানান জিৎ। এরপর বাড়ির অন্দরমহলে পুজোর আসরে গিয়ে মায়ের দর্শন করেন মুখ্যমন্ত্রী। বিজয়া উপলক্ষে মিষ্টিমুখও করেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিৎ জানান, তাঁর পরিবারের জন্য এই সাক্ষাৎ অত্যন্ত আনন্দের। অভিনেতার কথায়, “উনি যেভাবে আমাদের সবাইকে সময় দিয়েছেন, সকলের আবদারকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে সবার সঙ্গে ছবি তুলেছেন, তাতে আমরা খুশি। মায়ের দর্শন করেছেন, মূলত যেটার জন্য আসা। ওঁর উপস্থিতিতে আমরা খুবই আনন্দ পেয়েছি। আমার গোটা পরিবার খুব খুশি হয়েছে। খুব ভালো লাগল উনি আমার বাড়িতে এলেন।” মুখ্যমন্ত্রীর আপ্যায়নের প্রসঙ্গে অভিনেতা আরও জানান, শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে পায়েস খেয়েছেন। তবে তাঁর কাছে খাবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল মুখ্যমন্ত্রীর আন্তরিকতা। জিতের কথায়, “উনি পায়েস খেয়েছেন। তবে খাওয়ার থেকেও বড় কথা, উনি যে আন্তরিকতা দেখিয়েছেন, সেটা আমরা অনেক দিন মনে রাখব। দশমীর দিন মুখ্যমন্ত্রীর আমার বাড়িতে আসা, আমার গোটা পরিবারের কাছে এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমি অভিভূত।” পাশাপাশি, দর্শক ও অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

উল্লেখ্য, এর আগেও নতুন সরকারের প্রশংসা শোনা গিয়েছিল জিতের মুখে। সুরুচি সংঘের দুর্গাপুজো দেখতে গিয়ে পাড়ার মণ্ডপ থেকেই ঠাকুরদর্শন শুরু করেছিলেন তিনি। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, প্রতি বছরই পাড়ার পুজোয় আসেন তিনি। তবে এবার নতুন সরকার গঠনের পর দুর্গোৎসবের আবহে আলাদা উদ্দীপনা অনুভব করছেন। জিৎ বলেছিলেন, “পুজোয় এসেছি মায়ের দর্শন করতে। আনন্দ করতে। পাড়ার পুজো। আমি আগেও এসেছি, এবারও এলাম। তবে এবার নতুন দল, নতুন সরকার, নতুন উদ্যম, নতুন এনার্জি রয়েছে। আর আগামী দিনে এই সরকারের হাত ধরেই আমাদের সকলকে এগোতে হবে।”

Related Articles