বিনোদন

কাঁধে-বুকে ড্রেসিং, হাতে ব্যান্ডেজ! গুলিকাণ্ডের পর টাইগার শ্রফের ছবি এল প্রকাশ্যে

কাঁধ ও বুকে ড্রেসিং, ডান হাতে ব্যান্ডেজ, মুখে ক্লান্তির ছাপ—ছবিতে স্পষ্ট আতঙ্কের রেশ

Truth of Bengal: মুম্বইয়ে উৎসবের আবহের মধ্যেই অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। রবিবার সন্ধ্যায় পুষ্পা পার্কের কাছে অভিনেতার গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলেও জানা গিয়েছে। এই ঘটনার পর প্রকাশ্যে এসেছে টাইগারের আহত অবস্থার ছবি। কাঁধ ও বুকে ড্রেসিং, ডান হাতে ব্যান্ডেজ, মুখে ক্লান্তির ছাপ—ছবিতে স্পষ্ট আতঙ্কের রেশ। আনন্দে মেতে ওঠা মায়ানগরীতে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

ঘটনার পর রবিবার গভীর রাতে টাইগার শ্রফের বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেই সময় অভিনেতার মা আয়েশা শ্রফও উপস্থিত ছিলেন। গুলিচালনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সঙ্গে দেখা করেন শিন্ডে। সূত্রের খবর, গুলির আঘাতের পাশাপাশি ভাঙা কাচের টুকরো থেকেও চোট পেয়েছেন টাইগার। এই ঘটনায় তাঁর গাড়িচালক-সহ আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন অভিনেতা। ঘটনাকে কেন্দ্র করে মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনপ্রিয় অভিনেতার গাড়ি লক্ষ্য করে এভাবে গুলি চালানোর ঘটনায় কড়া অবস্থানের কথা জানিয়েছেন একনাথ শিন্ডে। স্পষ্ট ভাষায় তাঁর বার্তা, মুম্বইয়ে কোনও ধরনের দাদাগিরি বরদাস্ত করা হবে না। ভয় দেখিয়ে কিংবা হুমকি দিয়ে কেউ নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

টাইগার শ্রফের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। ভাগ্যক্রমে অভিনেতা প্রাণে বেঁচে গিয়েছেন, যদিও তাঁর গাড়িচালক আহত হয়েছেন। গোটা ঘটনাকে নিন্দনীয় বলেও উল্লেখ করেন তিনি। শিন্ডে আরও জানান, গুলিচালনার সময় বারুদের প্রভাব এবং ভাঙা কাচের টুকরোয় টাইগারের বাঁ হাতে আঘাত লাগে। অভিনেতা ও তাঁর মা দু’জনেই এই ঘটনায় আতঙ্কিত। পাশাপাশি, তারকাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জনপ্রিয় ব্যক্তিত্বদের আশ্বস্ত করে উপমুখ্যমন্ত্রীর বার্তা, এমন পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। কোনও ধরনের হুমকি বা ভয় দেখানোর ঘটনা বরদাস্ত করা হবে না। এখন এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, সেদিকেই নজর তদন্তকারীদের।

Related Articles