আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী! সাধের পর সন্তানের কী নাম রাখছেন হবু বাবা শোভন?
সন্তানের ডাকনাম নিয়ে শোভনের অদ্ভুত কাণ্ড
Truth of Bengal: খুব শীঘ্রই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই সুখবর দিয়েছিলেন তারকা দম্পতি—দুই থেকে এবার তিন হতে চলেছেন তাঁরা। এরপর থেকেই সোহিনীর মাতৃত্বের সফরের প্রতিটি মুহূর্ত নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। সম্প্রতি বেলুড়ের শ্বশুরবাড়িতে হয়েছে সোহিনীর সাধভক্ষণ। সেই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী। তবে মাতৃত্বের এই সময়েও কাজের ক্ষেত্রে কোনও আপস করতে নারাজ তিনি। নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে হাসিমুখে হাজির হচ্ছেন অভিনেত্রী। তাঁর প্রাণবন্ত উপস্থিতিও নজর কেড়েছে সকলের।
ছবির প্রচারে এসে মাতৃত্বকালীন নানা অভিজ্ঞতা যেমন ভাগ করে নিয়েছেন সোহিনী, তেমনই ফাঁস করেছেন হবু বাবার মজার পরিকল্পনাও। আর সেখানেই সামনে এসেছে সন্তানের ডাকনাম নিয়ে শোভনের অদ্ভুত কাণ্ড! সোহিনী জানিয়েছেন, তাঁদের সন্তানকে আপাতত ‘টুল’ নামে ডাকতে চান শোভন। নাম শুনেই হেসে ফেলেন উপস্থিত সকলে। এমন অদ্ভুত নাম কেন? সোহিনীর কথায়, শোভনের যুক্তি একেবারে অন্যরকম। তাঁর মতে, টুলের উপর ভর করে উঁচুতে ওঠা যায়। তাই সন্তানের জন্য ‘টুল’ নামটাই তাঁর পছন্দ। তবে হবু মায়ের পালটা প্রশ্ন—তাহলে মই বা সিঁড়িও তো হতে পারে!
সোহিনী ও শোভনের এই মজার কথোপকথনে হাসির রোল ওঠে। পরিচালক মানসী সিনহাও মজা করে বলেন, এর চেয়ে ছোট নাম আর বোধহয় খুঁজে পাওয়া কঠিন! সোহিনীরও রসিকতা, মেয়ে হলে হয়তো নাম হবে ‘টুলি’! তবে মজার এই নামের গল্পের পাশাপাশি রয়েছে খানিক ভয়ও। কারণ শোভনের ঠাকুমা সন্তান জন্মের আগে তাকে নিয়ে প্রকাশ্যে আলোচনা একেবারেই পছন্দ করেন না। ফলে বউমা সোহিনী যে এ ভাবে হবু সন্তানের ডাকনাম প্রকাশ্যে বলে দিয়েছেন, সেটা জানতে পারলে কী হবে—তা ভেবেই যেন একটু বুক দুরুদুরু করছে হবু মায়ের!






