বিনোদন

আবেগঘন পোস্ট টলিউড সুপারস্টারের, মহাগুরু মিঠুনকে নিয়ে কী লিখলেন দেব?

শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন ‘মহাগুরু’কে দেখতে হাসপাতালে ছুটে যান তৃণমূল সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব।

Truth Of Bengal: অসুস্থ বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর হাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্যান্য নেতারা হাসপাতালে গিয়ে অভিনেতার খোঁজখবর নেন। এরপরই শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন ‘মহাগুরু’কে দেখতে হাসপাতালে ছুটে যান তৃণমূল সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব।

রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়া সত্ত্বেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের সম্পর্কের রসায়ন অত্যন্ত নিবিড়। অতীতে মিঠুনের সঙ্গে সুসম্পর্ক ও ‘মিঠুনপ্রীতি’র কারণে নিজের দল ও রাজনৈতিক শিবিরের অন্দরে বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে দেবকে। তবুও সমস্ত সমালোচনাকে তোয়াক্কা না করে বিরোধী শিবিরের প্রবীণ অভিনেতার সঙ্গে বরাবর এক অকৃত্রিম ‘বাবা-ছেলের’ সম্পর্ক বজায় রেখে এসেছেন তিনি।

লাদাখে নিজের নতুন ছবি ‘দেশু ৭’-এর প্রথম দফার শুটিং শেষ করে শুক্রবারই কলকাতায় ফেরেন দেব। বর্তমানে তিনি পুজোয় ছবি মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তিনি একাধারে প্রযোজক ও মূল অভিনেতা, আবার পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। একই সাথে সামলাতে হচ্ছে সাংসদের প্রশাসনিক দায়িত্বও। এহেন ব্যস্ততার মধ্যেও রাতে সময় বার করে সোজা বাইপাসের হাসপাতালে পৌঁছে যান দেব। সেখানে মহাগুরুকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে দেব লেখেন, “তুমি সবসময়েই আমার কাছে বাবার মতো। তোমার সুস্বাস্থ্য, সুখ এবং যা কিছু প্রাপ্য, তার সবটাই যেন তুমি পাও— এটাই কামনা করি।” একটি ছবিতে হাসপাতালের বেডে বসে দেবের মোবাইলের স্ক্রিনে মিঠুনকে চোখ রাখতেও দেখা যায়।

উল্লেখ্য, ‘প্রজাপতি’ সিনেমায় দেব ও মিঠুন চক্রবর্তীর অনস্ক্রিন ‘বাবা-ছেলে’র রসায়ন দর্শকদের মন জয় করেছিল। সেই সাফল্যের পর ভবিষ্যতে মিঠুনের সঙ্গে আরও সিনেমা করার ইচ্ছা প্রকাশ করায় দেবকে রাজনৈতিক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তবে দেব বরাবর নিজের অবস্থানে অনড় থেকে স্পষ্ট জানিয়ে এসেছেন, “যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না। আমার কাছে আমার কাছের মানুষ এবং তাঁদের সাথে সম্পর্ক সবার আগে গুরুত্বপূর্ণ। তাঁরা কোন দল করছেন, তা আমার কাছে বড় বিষয় নয়।” এবারও রাজনীতির যাবতীয় ভেদাভেদ ভুলে সেই আদর্শের পরিচয়ই দিলেন দেব।

Related Articles