বিনোদন

মায়ের আশীর্বাদ নিয়ে ছবি মুক্তি, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ নতুন অবতারে জিৎ

স্বাধীনতা দিবসের ঠিক আগেই, ১৪ অগস্ট বড়পর্দায় মুক্তি পেল জিৎ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

Truth Of Bengal: স্বাধীনতা দিবসের ঠিক আগেই, ১৪ অগস্ট বড়পর্দায় মুক্তি পেল জিৎ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। আর ছবি মুক্তির দিন সকালেই মায়ের আশীর্বাদ নিতে কালীঘাট মন্দিরে হাজির হলেন টলিউডের ‘বস’ জিৎ। হলুদ পাঞ্জাবিতে স্নিগ্ধ সাজে এদিন অভিনেতাকে দেখা যায় ভক্তিভরে পুজো দিতে।

কালীঘাট মন্দিরে গিয়ে মায়ের মূর্তিতে মালা পরানোর পাশাপাশি আরতিও করেন জিৎ। ছবির সাফল্য কামনা করে দেবীর কাছে প্রার্থনা করেন অভিনেতা। মন্দিরের ভিতরে জিতের পুজো দেওয়ার সেই মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের মধ্যেও তা নিয়ে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

নতুন ছবি মুক্তির আগে তারকাদের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার প্রবণতা এখন টলিউডে বেশ পরিচিত। কখনও কালীঘাট, কখনও আবার বড়মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনা করতে দেখা যায় তারকাদের। সেই তালিকাতেই এবার যোগ দিলেন জিৎ।

প্রায় দু’বছরের বিরতির পর নতুন ছবিতে ফিরেছেন অভিনেতা। পরিচালক পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে বাংলার কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত লাল সিংহের জীবন ও সংগ্রামকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির গল্প।

টিজার ও ট্রেলারে ইতিমধ্যেই জিতের একাধিক লুক দর্শকদের নজর কেড়েছে। অনন্ত সিংহের চরিত্রে অভিনেতাকে ন’টি ভিন্ন অবতারে দেখা যাবে বলে আগেই জানা গিয়েছিল। ফলে বড়পর্দায় তাঁর এই রূপান্তর দর্শকদের কতটা মুগ্ধ করে, সেদিকেই নজর সিনেপ্রেমীদের।

বাংলা ছবিতে যখন একের পর এক ছকভাঙা গল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, তখনও মূলধারার বাণিজ্যিক ছবির অন্যতম জনপ্রিয় মুখ জিৎ। নতুন ছবিতেও সেই বাণিজ্যিক বিনোদনের সঙ্গে ইতিহাস ও বিপ্লবের গল্পকে মেলানোর চেষ্টা করা হয়েছে।

জিৎ-ভক্তদের কাছে অবশ্য এই ছবি আরও বিশেষ। কারণ, সাধারণত বছরে একটির বেশি ছবিতে তাঁকে দেখা যায় না। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে আরও বেশি ছবিতে কাজ করার বিষয়টি তিনি ভাবছেন।

এদিকে ১৪ অগস্ট থেকেই শুরু হয়েছে ছবির বক্স অফিস যাত্রা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম দিনে দর্শকদের প্রতিক্রিয়া কেমন হল এবং জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ বক্স অফিসে কতটা সাড়া ফেলল, এখন সেই হিসেবের দিকেই নজর টলিউড ও সিনেমা ব্যবসার মহলের।

Related Articles