ক্ষুধায় কাঁদছিল ১৭ দিনের শিশু, কোলে তুলে স্তন্যপান করালেন নেপালের মন্ত্রী
সেই দৃশ্যের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে
Truth of Bengal: উদ্ধারের পর প্রবল ক্ষুধায় কাঁদছিল মাত্র ১৭ দিনের এক শিশু। আশপাশে দুধের কোনও ব্যবস্থা না থাকায় শিশুটিকে কোলে তুলে নিয়ে নিজের স্তন্যদুগ্ধ পান করালেন নেপালের শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদী। মন্ত্রীর এই মানবিক মুহূর্তের ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়েছে নেটদুনিয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত ২৩ জুলাইয়ের। কাঠমান্ডুর একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন সীতা। সেখানেই উদ্ধার হওয়া ১৭ দিনের শিশুটির ডাক্তারি পরীক্ষা চলাকালীন সে কান্না শুরু করে। জানা যায়, শিশুটি দীর্ঘ সময় ধরে অভুক্ত। কিন্তু সেই মুহূর্তে সেখানে দুধের কোনও ব্যবস্থা ছিল না। পরিস্থিতি দেখে শিশুটিকে কোলে তুলে নেন সীতা বাদী। এরপর দু’বার তাকে স্তন্যপান করান তিনি। সেই দৃশ্যের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। একজন মন্ত্রীর এমন মাতৃত্বসুলভ আচরণ দেখে আবেগাপ্লুত হয়েছেন বহু মানুষ।
माननीय मन्त्री सीता वादीले बाल संगठनबाट उद्धार गरिएको शिशुलाई स्तनपान गराएर मानवताको उच्चतम् उदाहरण प्रस्तुत गर्नुभएको छ। मन्त्रीज्यूप्रति उच्च सम्मान व्यक्त गर्दछु । #Minister Sita Badi pic.twitter.com/oByS3vLb6L
— PRAKASH KUNWAR (@Kunwarprakash20) July 23, 2026
এর আগে কাঠমান্ডুর নকশাল এলাকার ‘বাল মন্দির’ নামে একটি আশ্রয়কেন্দ্র থেকে প্রায় ২০টি শিশুকে উদ্ধার করেছিল সংশ্লিষ্ট দপ্তর। তাদের মধ্যে ১২ জন ছেলে এবং ৮ জন মেয়ে। শিশুদের বয়স ছিল প্রায় ১৫ দিন থেকে ২ বছরের মধ্যে।অভিযোগ, বর্ষার সময় আশ্রয়কেন্দ্রটির পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। দুই বছরের কম বয়সি শিশুদের রাখা ঘরে নোংরা জল ঢুকে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শিশুদের সেখান থেকে সরিয়ে প্রশাসনিক কার্যালয়ে নিয়ে যেতে হয়। উদ্ধারকারী দলের সদস্যদের দাবি, ২০টি শিশুকে একটি মাত্র মাদুরের উপর রাখা হয়েছিল। খাবার বলতে আশপাশে পড়ে ছিল শুকনো ইনস্ট্যান্ট নুডলস। উদ্ধার করার পর স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায়, অনেক শিশুর চোখে সংক্রমণ, ত্বকের সমস্যা এবং তীব্র কাশির উপসর্গ রয়েছে।
মন্ত্রী সীতা বাদী শুধু উদ্ধারকাজ তদারক করেই থেমে থাকেননি। শিশুদের পরিষ্কার করা এবং স্নান করানোর কাজেও সাহায্য করেন তিনি। সেই সময়ই ১৭ দিনের শিশুটি প্রবল কান্না শুরু করলে তাকে কোলে তুলে নেন মন্ত্রী। পরে সীতা জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর তাঁর মনে হয়েছিল, সে যেন তাঁর নিজেরই সন্তান। মন্ত্রীর সচিব যখন জানান শিশুটি অভুক্ত, তখন সীতার উত্তর ছিল—এখন তিনিই শিশুটির মা।






