গতিপথ বদলে ওড়িশার দিকে ধেয়ে আসছে ‘আকভান’! পর্যটকশূন্য পুরী, সরানো হল ১ লক্ষেরও বেশি মানুষকে
শুক্রবারই গোপালপুরে ল্যান্ডফল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর! বাতিল একের পর এক ট্রেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে বাড়বে বৃষ্টি?
Truth of Bengal: ভারতীয় উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’। আগে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস থাকলেও পরবর্তীতে গতিপথ পরিবর্তন করেছে এই ঘূর্ণিঝড়টি। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার ওড়িশা উপকূলের গোপালপুরের কাছাকাছি এলাকায় ল্যান্ডফল করতে পারে ‘আকভান’। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই পুরীতে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওড়িশার বিভিন্ন নিচু ও বিপজ্জনক এলাকা থেকে ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।
দুর্যোগের আশঙ্কায় কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে পুরীর সমুদ্র সৈকত। প্রশাসনের তরফে আগামী ২১ ও ২২ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরীতে না আসার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে যাঁরা পুরীতে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি ও মাইকিং, বন্ধ রাখা হয়েছে সৈকতের সমস্ত দোকানের ঝাঁপ। আতঙ্কে বহু পর্যটক ভ্রমণ সূচি বাতিল করে বাড়ি ফিরে যাচ্ছেন, আবার অনেকে ট্রেনের টিকিট ও হোটেলের বুকিং বাতিল করছেন।
প্রশাসনিক সূত্রে খবর, আগামী ২১ নভেম্বর পর্যন্ত পুরীর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে রবিবার মন্দিরের দরজা খুলবে। জগন্নাথ মন্দিরেও ভক্তদের উপস্থিতি অত্যন্ত কম। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ (NDRF) এবং ওডিআরএফ (ODRF) বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশার স্কুলগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ওড়িশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় বৃষ্টি ও সতর্কতা জারি হয়েছে এবং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে, যা শনিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। দুর্যোগের জেরে রেল পরিষেবাও ব্যাহত হয়েছে এবং একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।






