উচ্চ প্রাথমিকে বড় ধাক্কা! ১,৬০০ সুপার নিউমেরারি পদ প্রত্যাহারের নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের
২০১৬ সালের উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য তৎকালীন রাজ্য সরকার ‘সুপার নিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল
Truth of Bengal: উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে ১ হাজার ৬০০ সুপার নিউমেরারি পদে নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এল বর্তমান রাজ্য সরকার। বুধবার কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছে, পূর্বতন তৃণমূল সরকারের জারি করা ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। ফলে এখন থেকে ওই অতিরিক্ত পদগুলির আর কোনও অস্তিত্ব থাকছে না। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য তৎকালীন রাজ্য সরকার ‘সুপার নিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই পরবর্তীতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। ২০২৩ সালের এপ্রিলে বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ ওই অতিরিক্ত শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। একইসঙ্গে তৎকালীন মন্ত্রিসভার সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্তের নেপথ্য খতিয়ে দেখতে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছয়। শীর্ষ আদালত মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে সরাসরি হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, মন্ত্রিসভার প্রশাসনিক সিদ্ধান্তে এইভাবে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর প্রভাব পড়তে পারে। এর মধ্যেই রাজ্যে সরকার বদল হয়েছে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানির সময় নতুন রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দেয়, পূর্বতন সরকারের ওই বিজ্ঞপ্তি অনুসরণ করে আর নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে না।
রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, ১ হাজার ৬০০ সুপার নিউমেরারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ফলে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের ওই অতিরিক্ত পদে নিয়োগের প্রক্রিয়াও কার্যত বন্ধ হয়ে গেল।






