হাজিরার খাতায় সই নয়, এবার মুখ স্ক্যানেই অফিসে উপস্থিতি, ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম
আগামী ১ ডিসেম্বর থেকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের আওতায় এই নিয়ম কার্যকর হতে চলেছে।
জ্যোতির্ময় দত্ত, নবান্ন: অফিসে ঢুকে হাজিরার খাতায় সই করার চেনা নিয়ম এবার বদলাতে চলেছে। সরকারি কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে নতুন পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে খাতায় সই নয়, মোবাইল অ্যাপের মাধ্যমে মুখের ছবি শনাক্ত করেই দিতে হবে হাজিরা। আগামী ১ ডিসেম্বর থেকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের আওতায় এই নিয়ম কার্যকর হতে চলেছে।

১৮ নভেম্বর জারি করা সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের জন্য মোবাইল অ্যাপ-ভিত্তিক ফেসিয়াল রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনড্যান্স সিস্টেম (FRBAS) বাধ্যতামূলক করা হচ্ছে। নির্ধারিত দিন থেকে প্রচলিত ম্যানুয়াল হাজিরা রেজিস্টার আর ব্যবহার করা যাবে না। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা হাজিরার খাতায় সই করার পদ্ধতিতে কার্যত ইতি পড়তে চলেছে।
এই নতুন ব্যবস্থার আওতা শুধু নবান্ন বা দফতরের সদর কার্যালয়ে সীমাবদ্ধ থাকছে না। সংশ্লিষ্ট দফতরের অধীন সমস্ত ডিরেক্টরেট, স্বশাসিত সংস্থা এবং রাজ্য, আঞ্চলিক ও জেলা স্তরের অফিস ও প্রতিষ্ঠানকেও এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক থেকে অশিক্ষক কর্মী, আধিকারিক থেকে অন্যান্য কর্মচারী—সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমস্ত স্তরের কর্মীদের এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে।
কেবল হাজিরা দেওয়ার পদ্ধতিই বদল নয়, কর্মীদের অফিসে আসার সময় এবং পরিষেবা সংক্রান্ত তথ্যের হিসাব রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই অ্যাপ। দেরিতে অফিসে পৌঁছনো, অনুপস্থিত থাকা, ছুটি নেওয়া এবং অন্যান্য চাকরিসংক্রান্ত বিষয় ডিজিটাল রেকর্ডের ভিত্তিতে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হবে। ফলে কর্মীদের উপস্থিতির হিসাব আরও নিয়মবদ্ধভাবে সংরক্ষণের সুযোগ তৈরি হবে প্রশাসনের কাছে।
নতুন ব্যবস্থা চালুর আগে কর্মীদের অ্যাপে অন্তর্ভুক্তিকরণ বা অনবোর্ডিং প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিরেক্টরেটের প্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকদের এই গোটা প্রক্রিয়া কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের ব্যবস্থা করতে হবে।
সরকারি দফতরে হাজিরা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে রাজ্য। তবে এই নির্দেশ আপাতত কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের অধীন প্রতিষ্ঠানগুলির জন্যই কার্যকর হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু হলে সরকারি কর্মীদের দৈনন্দিন অফিস হাজিরার চেনা ছবিটাই বদলে যেতে পারে।






