চিনা ‘চর’-এর পর সহকর্মীও! দ্বিতীয় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিপাকে এনভিডিয়া কর্তা
প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মার্চ মাসে সান জোসেতে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালীন একটি হোটেলে জেনসেন ও কিম্বার্লিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল।
Truth of Bengal: চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন অভিযোগে অস্বস্তিতে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সংস্থারই এক শীর্ষ আধিকারিক কিম্বার্লি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ৬৩ বছর বয়সি জেনসেন। কিম্বার্লি এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং সরাসরি জেনসেনের অধীনে কাজ করতেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মার্চ মাসে সান জোসেতে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালীন একটি হোটেলে জেনসেন ও কিম্বার্লিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। সংস্থার পাঁচ প্রাক্তন কর্মীর সূত্র উল্লেখ করে এই খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে এই অভিযোগ নিয়ে জেনসেন বা এনভিডিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, অ্যালিস চিনের হয়ে চরবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে সংস্থার কর্মীদের কাছে নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকারও করেছিলেন জেনসেন। যদিও চিনের তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিকে, পরপর দুই সম্পর্কের অভিযোগ সামনে আসতেই এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, জেনসেনকে সরিয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে সংস্থার পরিচালন পর্ষদ। নতুন সিইও নিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তাঁকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে, এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এই বিতর্কের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। নতুন অভিযোগ সামনে আসার পর মার্কিন বাজারে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ পর্যন্ত কমেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের এই প্রযুক্তি সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা।

